নিজস্ব প্রতিনিধি : বাংলার সাধারণ মানুষের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে বিশেষ স্বাস্থ্য বীমা প্রকল্পের ঘোষণা করেছিল রাজ্য সরকার। স্বাস্থ্য সাথী নামে এই প্রকল্পের মাধ্যমে ক্যাশলেস চিকিৎসার সুবিধা করে দেওয়া হয়েছিল সাধারণ মানুষকে। রাজ্যের যেকোনো সরকারি হাসপাতাল এবং কিছু কিছু বেসরকারি নার্সিংহোমে স্বাস্থ্য সাথী কার্ড দেখিয়ে বিনামূল্যে চিকিৎসা পান সাধারণ মানুষ। তবে এখন চিকিৎসা ক্ষেত্রে নতুন নিয়ম চালু হয়েছে। এখন থেকে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এর চিকিৎসা বিনামূল্যেই করা যাবে স্বাস্থ্যসাথী কার্ডে। এরফলে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ অনেক সুবিধা পাবেন।
জানা গিয়েছে, রাজ্যে ৯টি হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্লান্ট হয়ে থাকে। তারমধ্যে ২টি সরকারি হাসপাতাল। প্রথম সরকারি হাসপাতালে এই ট্রান্সপ্লান্ট শুরু করলেও বেসরকারি হাসপাতালেই বেশি এটি হয়। তার খরচও আকাশছোঁয়া। ফলে নিম্নবিত্ত বা নিম্নমধ্যবিত্তর পরিবারের ক্ষেত্রে অসহায়তা চরম পর্যায়ে পৌঁছে যায়। ২০০৯ সালে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট শুরু হয় এনআরএস হাসপাতালে। ২০১১ সালে মেডিক্যাল কলেজে হেমাটোলজি ও ট্রান্সফিউশন মেডিসিন বিভাগেও চালু হয় এই চিকিৎসা।
জানা গিয়েছে, স্বাস্থ্যসাথী প্রকল্পে এই চিকিৎসা করানো প্রস্তাব দিয়েছিল এনআরএস। সরকারি হাসপাতালে হবে বিনামূল্যে এই চিকিৎসা। ওই হাসপাতালে ৬০ জন রোগীর এই চিকিৎসা হওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে। বেসরাকরি হাসপাতালে এই চিকিৎসা করাতে গেলে খরচ হবে প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ টাকা খরচ করা নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্তদের পক্ষে সম্ভব নয়। স্বাস্থ্যসাথীতে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হলে সমস্যার সমাধান হবে।