নিজস্ব প্রতিনিধি, কলকাতা : মেয়র ফিরহাদ হাকিমের তৎপরতায় স্বাস্থ্যসাথী (swastha sathi) কার্ড পেল শহরের এক পরিবার। কলকাতা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজর্ষি সিকদার। বেশ কয়েকবার আবেদন করেছিলেন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। অবশেষে মেয়রের দ্বারস্থ হয়েছেন রাজর্ষিবাবু।
টক টু মেয়র (talk to meyor) অনুষ্ঠানে নিজের সমস্যার কথা জানিয়েছেন রাজর্ষি সিকদার। অভিযোগ জানানোর ২৪ ঘন্টার মধ্যেই মিলেছে স্বাস্থ্যসাথী কার্ড। কলকাতা পুরসভার নিজের ঘরেই রাজর্ষিবাবু ও তাঁর পরিবারের হাতে কার্ড তুলে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
শুক্রবার টক টু মেয়র অনুষ্ঠানে স্বাস্থ্যকার্ড নিয়ে অভিযোগ জানিয়েছিলেন কলকাতা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজর্ষি সিকদার। তারপর মাত্র ২৪ ঘন্টা কাটতে না কাটতেই হাতে পেয়ে গিয়েছেন সেই কার্ড। মেয়রের হাত থেকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অত্যন্ত খুশি সিকদার পরিবার।
এই প্রসঙ্গে মেয়র জানিয়েছেন, অভিযোগ পেয়েছিলেন। শুধু প্রক্রিয়া করে দিয়েছেন। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকেই এই কার্ড ইস্যু করা হয়েছে। অনেক সময় স্বাস্থ্য দফতর ও উপভোক্তার মধ্যে যোগাযোগে সমস্যা হয়। তার জেরেই কার্ড পেতে বিলম্ব হতে পারে। কখনো আবেদনকারী সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারে না। আবার কখনো অফিসারদের দিক থেকেও ভুল হয় যার ফলে পরিষেবা পেতে সমস্যা হয়।
শুক্রবার অভিযোগ জানিয়ে কয়েকঘন্টার পরেই যে হাতে স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে যাবেন তা ভাবতেই পারেননি সিকদার পরিবার। এদিন স্ত্রী নন্দিনী বন্দ্যোপাধ্যায় ও ছেলেকে সঙ্গে নিয়ে মেয়রের হাত থেকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়েছেন রাজর্ষিবাবু।