নিজস্ব প্রতিনিধি, লখনউ: অযোধ্যায় রাম মন্দির নির্মাণে এখনও পর্যন্ত ৪৫ কেজি খাঁটি সোনা ব্যবহার করা হয়েছে। রাম মন্দির নির্মাণ সমিতির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র শুক্রবার এই তথ্য জানিয়েছেন। উল্লেখ্য, ৫ জুন বৃহস্পতিবার মন্দির প্রাঙ্গণের প্রথম তলে রাম দরবারের অভিষেক সম্পন্ন হয়েছে।
সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন যে এই সোনার আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি টাকা। এই মূল্য কিন্তু কর ছাড়া। এই সোনা মূলত মন্দিরের একতলার দরজা এবং ভগবান রামের সিংহাসন সাজানোর জন্য ব্যবহৃত হয়েছে। শেষাবতার মন্দিরে এখনও সোনার কাজ চলছে।
মন্দিরের মূল কাঠামো এখন প্রায় সম্পূর্ণ। তবে জাদুঘর, অডিটোরিয়াম এবং অতিথিশালার মতো অন্যান্য অংশের নির্মাণ কার্য এখনও চলছে। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে এর কাজ সমাপ্ত হয়ে যাওয়ার কথা।
রাম দরবারের অভিষেকের পর ভক্তরা এই পবিত্র স্থল দর্শন করতে পারবেন। বর্তমানে সীমিত সংখ্যক ভক্তদের প্রবেশানুমতি দেওয়া হবে। এর জন্য বিনামূল্যে পাস দেওয়া হবে।
রাম মন্দির ট্রাস্টের সচিব চম্পট রাই জানিয়েছেন যে বৃহস্পতিবার মন্দির প্রাঙ্গণে মোট সাতটি মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। প্রথম তলে গর্ভগৃহের উপর রাম দরবার স্থাপন করা হয়েছে। উত্তর পূর্বে শিবলিঙ্গ, দক্ষিণ-পূর্বে গণপতি, দক্ষিণের মাঝে হনুমানজি, দক্ষিণ পশ্চিমে সূর্যদেব, উত্তর পশ্চিমে ভগবতী এবং উত্তরের মাঝে অন্নপূর্ণা মাতার মূর্তি স্থাপন করা হয়েছে।
রাম মন্দির ট্রাস্টের একজন কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন যে রাম দরবার এখনও সাধারণ ভক্তদের জন্য খোলা হয়নি। আসন্ন বৈঠকে দর্শন ব্যবস্থা চূড়ান্ত করা হবে।