নিজস্ব প্রতিনিধি, মহিষাদল : স্কুলের পুলকারের ধাক্কায় এক পথচারীর মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। গুরুতর জখম হয়েছেন আরও ১ মহিলা।
সূত্রের খবর, বুধবার সকালে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের একটি বেসরকারি স্কুলের পুলকারের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। গেঁওখালি থেকে পড়ুয়া নিয়ে স্কুলের দিকে যাচ্ছিল পুলকারটি। সেই সময় আচমকাই মহিষাদল গেঁওখালি রোডের রঙ্গিবসান রেলব্রিজ সংলগ্ন শীতলামন্দিরের কাছে পুলকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দুই পথচারীকে সজোরে ধাক্কা দেয়। পুলকারের ধাক্কায় শেখ ফয়জল নামে বছর পঞ্চাশের এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। এক মহিলাকেও ধাক্কা দিয়েছে গাড়িটি। তবে তিনি গুরুতর জখম হন।
ওই পুলকারে স্কুলের মোট ১৮জন শিশু ছিল। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটালেও স্কুল পড়ুয়াদের তেমন ক্ষতি হয়নি। তারা সকলেই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। গাড়িটি ২ জনকে ধাক্কা মারার পরেই স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে আসেন। খবর পেয়ে আসে পুলিশও। আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। গাড়ির চালককে ধরে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। যারফলে গুরুতর জখম হয়েছে সে। তাঁকে তমলুক মেডিক্যাল কলেজে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয়দের একাংশের অভিযোগ, খারাপ অবস্থা অত্যন্ত রাস্তা খারাপ। পাশাপাশি রাস্তা দখল করে বালি ও স্টোনচিপস ফেলে রাখা হচ্ছে। এরফলে অনেক সময় গাড়ি নিয়ন্ত্রণ না রাখতে পেরে দুর্ঘটনা ঘটছে। ইতিমধ্যে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পুলকারটিতেও ভাঙচুর চালিয়েছে উত্তেজিত জনতা। তারজেরে পুলকারের কাঁচ ভেঙে গিয়েছে।