নিজস্ব প্রতিনিধি, কলকাতা : প্রকাশিত হয়েছে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল। ২০২৫-র ফল ঘোষণার দিনেই ২০২৬ –র উচ্চ মাধ্যমিকের দিনঘোষণা হয়েছে। আগামী বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি।
বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করেছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। মেধা তালিকা প্রকাশ হওয়ার আগেই ঘোষণা হয়েছে আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ।
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক শুরু হবে ১২ ফেব্রুয়ারি, চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এবছরই বার্ষিক ব্যবস্থায় শেষ উচ্চ মাধ্যমিক নেওয়া হয়েছে। আগামী বছর থেকে সেমেস্টারের নিয়মে হবে পরীক্ষা। জানা গিয়েছে, থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হবে ৮ সেপ্টেম্বর, শেষ হবে ২২ সেপ্টেম্বর। মোট ১২ দিন ধরে চলবে এই পরীক্ষা। আবার ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি, শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। এই পরীক্ষার সঙ্গে একইসঙ্গে হবে থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা।
উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় এবার জায়গা করেছেন ৭২ জন। তারমধ্যে বেশিরভাগই হুগলি জেলায়। চলতি বছরের উচ্চ মাধ্যমিক ৩ মার্চ থেকে শুরু হয়েছিল। শেষ হয়েছে ১৭ মার্চ। এবারের উচ্চমাধ্যমিকে পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয়স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা, তৃতীয় স্থানে কলকাতা। এবারের উচ্চ মাধ্যমিকে বিভাগ ভিত্তিক পাশের হারে এগিয়ে বিজ্ঞান বিভাগে। এই বিভাগে পাশের হার ৯৯.৪৬ শতাংশ, বাণিজ্য বিভাগে পাশ করেছেন ৯৭.৫২ শতাংশ ও কলা বিভাগে পাশ করেছেন ৮৮.২৫ শতাংশ।