নিজস্ব প্রতিনিধি, কলকাতা : উচ্চ মাধ্যমিকের সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে এক্সপোস্ট করে তিনি লিখেছেন, প্রিয় ছাত্রছাত্রীরা, যারা এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে, তাঁদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা! আশা করি তোমরা ভবিষ্যতে আরো সাফল্য পাবে – দেশ ও দশের মুখ আরো উজ্জ্বল করবে। এদিনটি তাঁদের জীবনের এই বিশেষ দিন।
সফল পড়ুয়াদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁদের বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক – সকলকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কারণ তাঁরা তোমাদের পাশে ছিলেন বলেই আজ তাঁরা এত ভালো ফল করতে পেরেছে।
শুধু সফল পরীক্ষার্থীরাই নয়, যারা ভালো ফল করতে পারেননি তাঁদেরও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি তাঁদের বলেছেন, যারা হয়তো আশানুরূপ ফল করতে পারেন নি, তাঁদের মন খারাপ না করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, চেষ্টা চালিয়ে যাও। দেখবে পরের বার ঠিক ভালো হবে। তাঁদের সবাইকে অনেক আশীর্বাদ আর ভালোবাসা। সবাইকে খুব ভালো থাকার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় এবার জায়গা করেছেন ৭২ জন। তারমধ্যে বেশিরভাগই হুগলি জেলায়। চলতি বছরের উচ্চ মাধ্যমিক ৩ মার্চ থেকে শুরু হয়েছিল। শেষ হয়েছে ১৭ মার্চ। এবারের উচ্চমাধ্যমিকে পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয়স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা, তৃতীয়স্থানে কলকাতা। এবারের উচ্চ মাধ্যমিকে বিভাগ ভিত্তিক পাশের হারে এগিয়ে বিজ্ঞান বিভাগে। এই বিভাগে পাশের হার ৯৯.৪৬ শতাংশ, বাণিজ্য বিভাগে পাশ করেছেন ৯৭.৫২ শতাংশ ও কলা বিভাগে পাশ করেছেন ৮৮.২৫ শতাংশ।