নিজস্ব প্রতিনিধিঃ দিন দিন বেড়ে চলেছে ডিজিটাল অ্যারেস্টের ঘটনা । আর এবার খাস কলকাতায় ডিজিটাল অ্যারেস্ট হয়ে ২ মাস ধরে গৃহবন্দি অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি। সেইসঙ্গে তিনি খুইয়েছেন প্রায় ৫২ লক্ষ টাকা। এমনই ঘটনা শিকার হয়েছেন দমদমের বাসিন্দা চৈতালিদেবী । ইতিমধ্যেই দমদম থানায় দায়ের হয়েছে অভিযোগ । শুরু হয়েছে তদন্ত ।
অভিযোগ উঠেছে, সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির ছবি দেখিয়ে আর্থিক তছরুপ মামলায় ডিজিটাল অ্যারেস্ট হয়েছেন বলে জানিয়ে টেলিকম অথরিটির পরিচয়ে ফোন আসে। সেইসঙ্গে বলা হয়, এই মামলার তদন্ত করছে সিবিআই । ২৪ ঘণ্টা মোবাইল ফোনের ক্যামেরা অন রেখে ভিডিও কল চালু রাখতে বলে প্রতারকরা। নজরদারি চালানো হচ্ছে বলা হত প্রতারকদের তরফে।
শুধু তাই নয় অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির ছবি দিয়ে সুপ্রিম কোর্টে ভুয়ো শুনানি, জাল নির্দেশনামা পাঠিয়ে ৫২ লক্ষ টাকা দিতে বলা হয়।মিউচুয়াল ফান্ড ও ফিক্সড ডিপোজিট ভেঙে টাকা দিতে বলা হয়। ৬ দফায় ৫২ লক্ষ টাকা দিয়েও দেন ওই দম্পতি। আর এরপর আচমকাই মোবাইল ফোন থেকে গায়েব হয়ে যায় প্রতারকেরা । চৈতালিদেবী দমদম থানায় ৫ টি এফআইআর দায়ের করে। পুলিশের কাছে গিয়েও সুরাহা হয়নি বলে খবর। তবে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা জানতে শুরু হয়েছে তদন্ত ।