নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনা। মঙ্গলবার যাদবপুরে সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল মহিলার । গুরুত্বর জখম হয়েছেন আরও এক ব্যক্তি। জানা গিয়েছে, এদিন সকালে বাইকে করে বছর চারেকের মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন মা-বাবা। সেইসময় এইট বি বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে S-31 রুটের সরকারি বাস আচমকাই ধাক্কা মারে বাইকটিকে । আর তাতে বাইক থেকে পড়ে যান ওই মহিলা। এরপর বাসের চাকা তাঁকে পিষে দেয় । ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি ।
তবে চার বছরের শিশুকন্যা অবশ্য রক্ষা পেয়েছে বরাতজোরে। দুর্ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে যাদবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। খবর দেওয়া হয়েছে পরিবারকে। পুলিশ সূত্রে খবর, নিহত মহিলা হলেন বছর ২৮-এর দেবশ্রী মণ্ডল । এদিন সকালে মেয়ে অঙ্কিতাকে নিয়ে ঢাকুরিয়া যাচ্ছিলেন বাঘাযতীনের বাসিন্দা ওই মহিলা এবং তাঁর স্বামী প্রসেনজিৎ মণ্ডল। মেয়েকে ঢাকুরিয়ার বিনোদিনী বালিকা বিদ্যালয়ে পৌঁছে দিতে যাচ্ছিলেন তাঁরা। আর তখনই ঘটে দুর্ঘটনাটি ।
এই দুর্ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,’ বাইকটি বাসস্ট্যান্ড থেকে যাদবপুর-বেহালা চৌরাস্তাগামী এস৩১ বাসটি সবে ছেড়েছিল। আর তখনই দ্রুত গতিতে এসে বাইকে ধাক্কা মারে একটি সরকারি বাস। প্রসেনজিতবাবুর স্কুটারটি কার্যত বাসের নিচে ঢুকে যায় । আর ঘটনাস্থলেই প্রাণ হারান স্ত্রী দেবশ্রী। জখম অবস্থায় প্রসেনজিতবাবুর হাসপাতালে চলছে চিকিৎসা।’ ইতিমধ্যেই বেপরোয়া গাড়ির চালককে আটক করেছে পর্ণশ্রী থানার পুলিশ। শুরু হয়ে গিয়েছে তদন্ত ।