নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জল দিয়ে ওষুধ খাবেন, যেমনটা সাধারণত হয় আর কি। ৬৮ বছরের বৃদ্ধা লাহাসো দেবীও তাই প্রথমে মুখে জল দিলেন, তারপর ট্যাবলেট। বুঝতেই পারলেন না ট্যাবলেট ভেবে কীভাবে বোতলের ছিপি মুখে দিয়ে দিয়েছেন। গিলতে গিয়ে সেই ছিপি আটকে গেল শ্বাসনালীর কাছে। ঘরে বেশ কয়েকবার বের করার চেষ্টা করেও যখন হল না তখন গেলেন কেপিসি হাসপাতালে। আউটডোরে চিকিৎসক দেখার আগেই শুরু হল শ্বাসকষ্ট।
চিকিৎসকরা পরীক্ষা করে বুঝলেন পরিস্থিতি ভাল নয়। এন্ডোস্কপি করে দেখা গেল বোতলের ছিপি আটকিয়ে রয়েছে ল্যারিঙ্গসের দোরগোড়ায়। এমন হলে তো শ্বাসনালীই বন্ধ হয়ে গিয়ে যে কোনও মুহূর্তে বড়সড় বিপদ ঘটে যাবে। এদিকে ছিপিটি এমন ভাবে আটকে রয়েছে তাতে যেভাবে ব্রঙ্কোস্কোপি বা ল্যারিঙ্গোস্কোপি করে বের করা হয় তাও করা যাবে না।
সময় নষ্ট না করে মহিলার অস্ত্রোপচারের শুরু করেন যাদবপুরের কেপিসি মেডিক্যাল কলেজ হাসপাতালের ইএনটি বিশেষজ্ঞ দ্বৈপায়ন মুখোপাধ্যায়। তাঁর হাতযশেই অবশেষে গলা থেকে বেরিয়ে আসে বোতলের ছিপি। আপাতত ভাল আছেন লাহাসো দেবী।
লাহোসা দেবী বাপুজিনগরের বাসিন্দা। বুধবার সকালে এই ঘটনাটা ঘটে। ইএনটি–র ওই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, ‘অজান্তে ছিপি গিলে শ্বাসরোধ হওয়ার উপক্রম হয়েছিল ওঁর। দীর্ঘ কেরিয়ারে এমন রোগী এই প্রথম দেখলাম। ভয় ছিল, ছিপিটি ফরসেপ দিয়ে বের করতে গেলে পিছলে শ্বাসনালীর আরও গভীরে না চলে যায়! তাই একটি হিঞ্জ ব্যবহার করে সন্তর্পণে সেটি বের করে নেওয়া হয় অল্প সময়ের মধ্যেই।’