নিজস্ব প্রতিনিধিঃ ডেটিং অ্যাপের মাধ্যমে দেখা-সাক্ষাৎ করা নতুন কিছু নয় ৷ আজকের প্রযুক্তির দুনিয়ায় এই ধরনের অ্যাপের প্রাসঙ্গিকতা ক্রমশ বাড়ছে। আর এবার এই ডেটিং অ্যাপের মাধ্যমে প্রতারিত হলেন ৭০০ জন তরুণী । দিল্লির এক যুবক নিজেকে মার্কিন মডেল দাবি করে চালাত এই প্রতারণা চক্র । ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছে অভিযুক্ত ।
তদন্তে নেমে পুলিশের সামনে এসেছে একাধিক তথ্য । জানা গিয়েছে, অনলাইন বন্ধুত্বের মাধ্যমে অনেক মেয়ে এবং মহিলাকে ব্ল্যাকমেইল করত এই সাইবার অপরাধী । তাদেরকে আকৃষ্ট করতে অভিযুক্ত তাঁর প্রোফাইলে ব্রাজিলিয়ান মডেলের ছবি রেখেছিলেন। আর সেখান থেকে মহিলাদের গভীর বন্ধুত্ব ফাঁদে ফেলা হত । এরপরেই কথাবার্তায় প্রলুব্ধ করে তাদের কাছ থেকে ব্যক্তিগত ছবি চাইতেন অভিযুক্ত । যদি কোন মেয়ে বা মহিলা এই প্রতারকের ফাঁদে পড়ত তাহলে তাদের কাছ থেকে চাওয়া হত মোটা অঙ্কের টাকা। আর সেই টাকা দিতে না পারলেই দেদার চলত ব্ল্যাকমেল ।
গত ১৩ ডিসেম্বর এই পুরো ঘটনা নিয়ে পুলিশের কাছে দায়ের হয় অভিযোগ । অভিযুক্তকে ধরতে পুলিশ একটি টিম গঠন করে। এরপরেই ধরা পড়ে এই সাইবার ঠগ। জানা গিয়েছে অভিযুক্ত হলেন ২৩ বছরের তুষার বিষ্ট । সে দিল্লির স্কুল ব্লকে থাকতেন। তিনি পেশায় একটি কোম্পানিতে চাকরি করেন। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তের কাছ থেকে মোবাইল উদ্ধার করেছে। যেখান থেকে সে এই সব ভুয়া আইডি ব্যবহার করত। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। কেন ওই যুবক এমন কর্মকাণ্ড করতেন তা জানতে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ ।