নিজস্ব প্রতিনিধিঃ শুরু হয়ে গিয়েছে পৌষ মাস। আর নতুন বছর পড়তেই পালিত হবে পৌষ সংক্রান্তি মানে গঙ্গাসাগর মেলা। শুধু বাংলার বিভিন্ন প্রান্তের মানুষই নন, অন্যান্য রাজ্য থেকেও কাতারে কাতারে মানুষ ভিড় জমান গঙ্গাসাগর মেলায়। এই সময় যাতে পুণ্যার্থীদের কোন অসুবিধা না হয় সেইজন্য বড় ঘোষণা করল পূর্ব রেল।
এই প্রসঙ্গে রেলের তরফে জানান হয়েছে, আগামী ১২ই জানুয়ারি থেকে ১৬ই জানুয়ারি পর্যন্ত মোট ৭২টি বিশেষ ট্রেন চালানো হবে। তবে এখন ট্রেনের সময়সূচী সামনে আসেনি। বাড়তি ট্রেনের পাশাপাশি শিয়ালদহ সাউথ, প্রিন্সেপ ঘাট, কাকদ্বীপ এবং নামখানা স্টেশনগুলিতে খোলা হবে ‘মে আই হেল্প ইউ’ ’নামে বিশেষ বুথ। সেখানে আমজনতাদের সহায়তা করতে ২৪ ঘণ্টা থাকবেন রেল কর্মীরা। এই বুথগুলিতে মূলত পুলিশ স্টেশন, হাসপাতাল, ফায়ার ব্রিগেডের হেল্পলাইন নম্বর প্রদান করা হবে। সেই সঙ্গে পাঁচটি করে কাকদ্বীপে, নামখানায় খোলা হবে অতিরিক্ত টিকিট কাউন্টার।
উল্লেখ্য, প্রতি বছরের মত ২০২৫ সালের শুরুতেই অনুষ্ঠিত হবে গঙ্গাসাগর মেলা। ২০২৫ এর জানুয়ারির ৮ থেকে ১৭ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে গঙ্গাসাগর মেলা। সেইসঙ্গে এই মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কোমর বেঁধে নেমে পড়েছে প্রশাসন। ইতিমধ্যেই মেলা যাতে নির্বিঘ্নে সম্পন্ন করা যায়, সেই কারণে বিভিন্ন আধিকারিকের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।