নিজস্ব প্রতিনিধি: মাতৃভূমি লোকাল আর শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত না রাখার সিদ্ধান্ত রেলের। সম্প্রতি লোকাল ট্রেনে মহিলা কামরার সংখ্যা বৃদ্ধিতে পুরুষ যাত্রীরা দফায় দফায় বিক্ষোভ দেখান।
মাতৃভূমি লোকাল কাদের এই নিয়ে অনেকদিন থেকে চাপান-উতোর চলছিল। শুধুই মহিলাদের? নাকি এ বার থেকে এই ট্রেনে উঠতে পারবেন পুরুষরাও? এবার এই নিয়ে বড় সিদ্ধান্ত নিন ভারতীয় রেল। এবার মহিলা ট্রেনে পুরুষদের ওঠার সুযোগ করে দিচ্ছে পূর্ব রেল। তাদের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাতৃভূমি লোকালে কেমন ভিড় হচ্ছে, তা নজর রেখেছিল শিয়ালদহ ডিভিশন। গত বেশ কয়েক সপ্তাহের নজরদারির পরে দেখা গিয়েছে, এই মহিলা স্পেশাল ট্রেনগুলিতে যথেষ্ট ভিড় হচ্ছে না। অর্থাৎ, একটি ট্রেনে যত সংখ্যক যাত্রী উঠতে পারেন, তত সংখ্যক যাত্রী হচ্ছে না। এটা দেখেই নয়া সিদ্ধান্ত নিয়েছে রেল।
রেলের বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে, যদি মাতৃভূমি লোকালের কিছু কোচ সাধারণ কোচে রূপান্তরিত করা যায়, যেখানে পুরুষ যাত্রীরাও উঠতে পারেন। তাহলেও মহিলাদের যাতায়াতে সমস্যা হবে না। শিয়ালদহ ডিভিশনে ৯০০টি পরিষেবা চলে, এখন সবকটি ৯টি কামরার ইএমইউ রেক ১২ কামরার ইএমইউ রেক করা হয়েছে।
মাতৃভূমি লোকালের বেশ কিছু কোচ সাধারণ কামরা করে দেওয়া হবে। এই বিষয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি জারি হবে বলে জানানো হয়েছে রেলের তরফে।
এর ফলে যাত্রী চলাচলকে আরও কার্যকর, ভিড় কমানো এবং ট্রেন পরিচালনার মানোন্নয়নের লক্ষ্যে, শিয়ালদহ বিভাগ শীঘ্রই বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে যে, নির্দিষ্ট কয়েকটি কোচে পুরুষ যাত্রীরাও উঠতে পারবেন।