নিজস্ব প্রতিনিধিঃ রাজ্য জুড়ে বাড়ছে ডিজিট্যাল অ্যারেস্টের মত সাইবার প্রতারণা। আর সেই প্রতারণার শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ। এই আবহে এবার আমজনতাকে সচেতন করতে কার্টুন আকারে বই প্রকাশ করল রাজ্য সরকার। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে বই প্রকাশ করেন দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয়।
বইপ্রকাশের পর রাজ্যের মন্ত্রী জানিয়েছেন, ‘কার্টুনের মাধ্যমে বাচ্চা থেকে বয়স্ক সকলকে সচেতন করা হবে। আপাতত বইয়ের আকারে করা হলেও এরপর সাইবার সচেতনতা বিষয়ক ডিজিটাল অ্যাপও চালু করবে রাজ্য সরকার।‘ পাশাপাশি এদিন বাবুল সুপ্রিয় আরও জানান, ‘ কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের প্রায় ৩ হাজারের বেশি কর্মীকে তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে সাইবার সুরক্ষা নিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে। যাতে দ্রুত আমজনতাকে সাইবার প্রতারণার হাত থেকে রক্ষা করা যায় । ‘
শুধু আমজনতার জন্য নয় সাইবার ক্রাইম নিয়ে সচেতন হওয়ার জন্য প্রত্যেক বিধায়ককে দেওয়া হচ্ছে দুটি করে কমিক্সের বই। সেখানে তুলে ধরা হয়েছে, কীভাবে আমজনতাদের সাইবার প্রতারণা হাত থেকে রক্ষা করা যাবে। কী কী রয়েছে এই বইগুলিতে ? জানা গিয়েছে, ফেসবুকের ফাঁদ, ব্যাংক থেকে বলছি, ওটিপিতে অতি লোভ সহ একাধিক বিষয় নিয়ে কমিক্সের আকারে লেখা হয়েছে এই বইটিতে ।