নিজস্ব প্রতিনিধি: একদিকে যেমন আরজি কর কাণ্ডে(RG Kar Incident) চিকিৎসকের মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা রাজ্য। ঠিক সেই আবহেই জীবনের চরম পরিণতির দিকে এগিয়ে গেলেন আরেক চিকিৎসক। দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে তাঁর নিথর দেহ(Suicide Case)। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার(Jhargram District) ঘোড়াধরা এলাকায়। মৃত চিকিৎসকের নাম দীপ্র ভট্টাচার্য। তিনি ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত ছিলেন। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হসপিটালে সিনিয়র রেসিডেন্স ছিলেন তিনি। ঝাড়গ্রাম শহরেরই এক বেসরকারি অতিথিশালার ফ্ল্যাটে পাঁচতলায় ভাড়া থাকতেন ওই চিকিৎসক। তাঁর আকস্মিক মৃত্যুর কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
আরও পড়ুনঃ ঋণ পরিশোধে ব্যর্থ ছেলে, মাকে জোর করে তুলে নিয়ে গেল মহাজন
আজ সকাল থেকে একবারও ঘরের বাইরে বেরোননি দীপ্র, এমনকি দুপুর গড়িয়ে গেলেও ঘর থেকে বেরোতে দেখা যায়নি তাঁকে। এরপরই হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। এরপর দরজা ভেঙে দেখা যায় হোটেলের বিছানায় পড়ে রয়েছে ওই চিকিৎসকের মৃতদেহ। এই ঘটনা যে আত্মহত্যা তাতে কোনও সন্দেহ নেই, কিন্তু কি কারণে এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন ওই চিকিৎসক তা ভাবাচ্ছে স্থানীয় পুলিশকেও।
আরও পড়ুনঃ বাংলার বাইরে সরছে না আরজি কর মামলা, সাফ জানাল শীর্ষ আদালত
পারিবারিক অশান্তির জেরেই এই মৃত্যু বলে প্রাথমিক অনুমান ঝাড়গ্রাম থানার পুলিশের। তবে এই আত্মহত্যার নেপথ্যে অন্য কোনও বিষয় জড়িয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত চিকিৎসকের দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদেহের পাশ থেকে পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোট এবং একটি ইঞ্জেকশন সিরিঞ্জ। মনে করা হচ্ছে ওই ইঞ্জেকশন সিরিঞ্জ নিজের শরীরে পুশ করেই নিজেকে শেষ করেছেন চিকিৎসক। পোস্টমর্টেম রিপোর্ট এলে পুরো বিষয়টি আরও স্পষ্ট হবে। এহেন আত্মহত্যার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। স্থানীয় ঝাড়গ্রাম থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে।