নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে ঘটল নৃশংস ঘটনা। স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির রাজৌরি গার্ডেন এলাকায়। সেখানে ২১ বছর বয়সী এক যুবক তার স্ত্রীকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করে খুন করে। আর এই হত্যাকাণ্ডের পর নিহত স্ত্রীকে গাড়ির মধ্যে রেখে পালিয়ে যাচ্ছিল যুবক। সেইসময় তাঁকে হাতেনাতে ধরে পুলিশ।
নিহত মহিলা হলেন মান্য। পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে খেয়ালা থানার হেড কনস্টেবল অজয় একটি যুবককে ঘোরাঘুরি করতে দেখেন। আর তাঁকে দেখে সন্দেহ হতেই প্রথমে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ করা হলে, অবশেষে স্বীকার করে যে স্ত্রী মান্যকে ছুরি দিয়ে হত্যা করেছে। অভিযুক্ত ওই যুবক হলেন রঘুবীর নগরের বাসিন্দা গৌতম।
জানা গিয়েছে, পরিবারের সম্মতি ছাড়াই এই দম্পতি মার্চ মাসে বিয়ে হয়েছিল। তবে তারা আলাদা থাকতেন কিন্তু মাঝে মাঝে দেখা করতেন। রবিবার রাতে মান্য একসঙ্গে থাকার জন্য জোর দেন গৌতমকে। কিন্তু তাতে রাজি হয়নি যুবক। এরপর শুরু হয় বচসা। আর এই বচসা থেকেই গৌতম তার স্ত্রীকে একাধিকবার ছুরি দিয়ে হত্যা করে। এই ঘটনার পর রাজৌরি গার্ডেন থানায় একটি খুনের মামলা দায়ের হয়েছে। পুলিশ শুরু করেছে তদন্ত।