নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশে খাবার খেয়ে শরীরে বিষক্রিয়া। গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হল ৮০ জন পড়ুয়া। তারা সকলেই মেহরুনা গ্রামের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আশ্রম মেথড ইন্টার কলেজের পড়ুয়া বলে জানা গিয়েছে। রবিবার রাতে নৈশভোজ খাওয়ার পর অসুস্থ বোধ করতে থাকে। শুরু হয় পেটে ব্যথা, বমি ও ডায়রিয়ার মত উপসর্গ। একের পর এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ায় তৎক্ষণাৎ স্কুল কর্তৃপক্ষ তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
এই ঘটনা প্রসঙ্গে জেলাশাসক দিব্যা মিত্তল জানান, ‘সরকার পরিচালিত স্কুলের কয়েকজন শিক্ষার্থী খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল।‘তবে পড়ুয়ারা এখন বিপন্মুক্ত বলেই জানিয়েছেন জেলাশাসক। প্রাথমিকভাবে জানা গিয়েছে , রবিবার রাতে পড়ুয়ারা শিক্ষার্থীরা ‘পুরি’ ও ‘ছোলা’ খেয়েছিল। এরপর থেকেই তারা অসুস্থ হয়ে পড়ে।
উল্লেখ্য, এই ঘটনার পর স্কুলের খাবার পরীক্ষা করার জন্য রাজ্যের খাদ্য সুরক্ষা দফতরের একটি দল স্কুলে পৌঁছয়। তারা গিয়ে খাবারের নমুনা সংগ্রহ করেছে। পাশাপাশি ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের একটি দল রান্নাঘর ও গুদামঘর পরিদর্শন করেছে। তবে কী করে এমন ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।