নিজস্ব প্রতিনিধিঃ হিমাচল প্রদেশে সিমলা ও মান্ডিয় শুরু হয়েছে মেঘ ভাঙা বৃষ্টি। হু হু করে বইছে কাদা জলের স্রোত। বৃহস্পতিবার সিমলা ও মান্ডিয় মেঘ ভাঙা বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন দুজন। এখন পর্যন্ত নিখোঁজ ৩৬ জন। আর এই বৃষ্টিতে মান্ডির চৌহার উপত্যকার তেরং গ্রাম কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভেসে গিয়েছে, বহু বাড়ি- ঘর।
শিমলার ডেপুটি কমিশনার অনুপম কাশ্যপ জানিয়েছেন, বুধবার গভীর রাত থেকে রামপুরের সামেজ খাদ এলাকায় মেঘভাঙা বৃষ্টি শুরু হয়। আর তাতে ওই এলাকার সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে । ইতিমধ্যেই উদ্ধারকাজ চালাতে এলাকায় পৌঁছেছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানেরা৷
অন্যদিকে সিমলা থেকে ১২৫ কিলোমিটার দূরে হিমাচল প্রদেশের মান্ডিতেও শুরু হয়েছে মেঘভাঙা বৃষ্টি। এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের তরফে পাধার মহকুমার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে । এখন পর্যন্ত ৯ জন নিখোঁজ আছেন বলে জানা গিয়েছে ৷ এই বৃষ্টিতে বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডির বহু মানুষের বসতবাড়ি৷ এই আবহে ডেপুটি কমিশনার জানিয়েছেন, জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পাঠানোর বন্দোবস্ত করা হয়েছে৷ জোর কদমে চলছে উদ্ধারকাজ। এছাড়াও বর্ষার প্রকোপে প্রতিবেশী উত্তরাখণ্ডেও স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেখানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন দুজন।