নিজস্ব প্রতিনিধিঃ ডিসেম্বর মাসে অবশেষে বরফের সাদা চাদরে ঢাকল হিমাচল থেকে কাশ্মীর। প্রতিদিন চলছে তুষারপাত। মানালি, কুল্লু, রোহতাংসহ অনেক এলাকাই এখন সাদা বরফে ঢাকা পড়ে গিয়েছে। আর এই আবহাওয়া উপভোগ করতে হাজার হাজার পর্যটকেরা ভিড় উপচে পড়ছে পাহাড়ি এলাকায়। তবে সোমবার ভারী তুষারপাতের কারণে সাময়িক বন্ধ হয়ে গিয়েছে মানালি-কেলং সড়ক। আর তাতেই অটল টানেলে আটকে রয়েছে প্রায় ১ হাজারটির বেশি গাড়ি ।
হিমাচল প্রদেশে তুষারপাতের কারণে, গত ২৪ ঘন্টায় ১৭৪ টি রাজ্য এবং ৩ টি জাতীয় মহাসড়কে (NH 03, NH 305, NH 505) বিদ্যুৎ ও জলের সংযোগ বন্ধ রেখেছে প্রশাসন। সেই সঙ্গে পর্যটকদের জন্যও পরামর্শ জারি করা হয়েছে। বলা বাহুল্য, হিমাচল প্রদেশের মতো পরিস্থিতি এখন উত্তরাখণ্ডেও । আউলি, উত্তরকাশী, চক্রতা, বদ্রীনাথ, কেদারনাথের মতো উঁচু এলাকা সাদা চাদরে ঢেকে গেছে। বন্ধ হয়েছে বেশ কয়েকটি রাস্তা । হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, আগামী কয়েকদিন উত্তরাখণ্ডে আরও নামবে তাপমাত্রা ।
অন্যদিকে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের মত জম্মু- কাশ্মীরেও দেখা গিয়েছে একই চিত্র । উঁচু এলাকাগুলিতে শুরু হয়েছে ভারী তুষারপাত । বর্তমানে শ্রীনগরে মাইনাস ৩.৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জমে গিয়েছে ডাল লেক । একথায় বলা যায়, ২৫ ডিসেম্বরের আগেই বরফে ঢাকা পড়েছে পাহাড়ি উপত্যকা ।