নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত ইউরো কাপের সেমিফাইনালে তাঁর বাঁ পায়ের জাদুতেই ফ্রান্সের বিরুদ্ধে সমতায় ফিরেছিল স্পেন। বলা যায় ওই গোলই কিলিয়ান এমবাপেদের বিরুদ্ধে আলভারো মোরাতো-ড্যানি অলমোদের সমতায় ফেরাতে সাহায্য করেছিল। এবার লামিনে ইয়ামালের ওই গোলকেই ইউরো কাপের সেরা গোল হিসাবে স্বীকৃতি দিল ইউরোপীয় ফুটবল নিয়ামক সংস্থা উয়েফা।
সদ্য সমাপ্ত ইউরোর সেরা ১০টি গোল বেছে নিয়েছে উয়েফার বিশেষজ্ঞ কমিটি। ওই সেরা ১০ গোলের মধ্যে এক নম্বরে রয়েছে ফ্রান্সের বিরুদ্ধে করা লামিনে ইয়ামালের গোল। ১৬ বছর ৩৬২ দিন বয়সে ওই গোল করে ইতিহাসে ঠাঁই করে নিয়েছেন স্পেনের বিস্ময় বালক। ইয়ামালের করা ওই গোলটি ইউরোর ইতিহাসে সবচেয়ে কম বয়সে করা গোলের রেকর্ড। দ্বিতীয় সেরা গোলের স্বীকৃতি পেয়েছেন ইংল্যান্ডের জুড বেলিংহাম। স্লোভাকিয়ার বিপক্ষে শেষ ষোলোয় অতিরিক্ত সময়ে বাইসাইকেল কিকে গোলটি করেছিলেন ইংলিশ তারকা।
তৃতীয় স্থানে রয়েছে স্কটল্যান্ডের বিপক্ষে করা সুইৎজারল্যান্ডের জারদান শাকিরির করা গোল।
সেরা গোলের তালিকায় চার নম্বরে রয়েছে ইউক্রেনের বিপক্ষে রোমানিয়ার নিকোলাই স্ট্যানসিউয়ের গোলটি। পাঁচ নম্বরে রয়েছে জর্জিয়ার বিপক্ষে তুরস্কের আর্দা গুলারের গোল। ছয় নম্বর সেরা গোলের স্বীকৃতি পেয়েছে জর্জিয়ার বিপক্ষে তুরস্কের মার্ট মুলদারের গোলটি। সেরা দশ গোলের তালিকায় ঠাঁই পেয়েছে স্পেনের ফাবিয়ান রুইজ, ইংল্যান্ডের ওলি ওয়াটকিন্স, ক্রোয়েশিয়ার মাতিয়া জাকাগনি ও নেদারল্যান্ডসের জাভি সাইমন্সের গোলও।