নিজস্ব প্রতিনিধি: ফের স্বপ্নভঙ্গ ফ্রান্সের। বৃহস্পতিবার (৫ জুন) রাতে স্টুটগার্টের এমএইচপি অ্যারেনায় কিলিয়ান এমবাপেদের ৫-৪ গোলে হারিয়ে উয়েফা নেশনস কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। ম্যাচে জোড়া গোল করেছেন ১৭ বছর বয়সী লামিন ইয়ামাল। আগামী রবিবার (৮ জুন) মিউনিখের আলিয়াঞ্জ অ্যারিনায় ফাইনালে পর্তুগালের মুখোমুখি হবে স্পেন।
ম্যাচের শুরু থেকেই ফ্রান্সের বিরুদ্ধে আগ্রাসী মেজাজে খেলতে শুরু করে স্পেন। একের পর এক আক্রমণ তুলে এনে ফরাসি রক্ষণ দুর্গের ভিত নড়বড়ে করে দেন ইয়ামালরা। স্পেন প্রথম গোলের দেখা পায় ম্যাচের ২২ মিনিটে। নিকো উইলিয়ামস গোল করে দলকে এগিয়ে দেন। ওই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ফের ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিকেল মেরিনো। দুই গোল হজমের পরেই রক্ষণকে শক্তিশালী করে ফ্রান্স। এর পর আক্রমণ–প্রতি আক্রমণ চলতে থাকে। যদিও কোনও দলই গোলের দেখা পায়নি। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় বর্তমান চ্যাম্পিয়ন স্পেন।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ফের ব্যবধান বাড়াতে ঝাঁপান ইয়ামাল-মেরিনোরা। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন ইয়ামাল। ওই গোল হজমের এক মিনিটের মধ্যে ফের গোল ফ্রান্সের জাল কাঁপান পেদ্রি। ৪-০ গোলে পিছিয়ে থাকার পরে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসেন এমবাপেরা। ৫৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান এমবাপে। তবে ওই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। ৬৭ মিনিটে দ্বিতীয় গোল করে স্পেনকে ৫-১ ব্যবধানে এগিয়ে দেন ইয়ামাল। ৭৯ মিনিটে অভিষেক গোল করেন রায়ান সেকরি। ৮৪ মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার ড্যানি ভিভিয়ান আত্মঘাতী গোল করেন। অতিরিক্ত সময়ের ৩ মিনিটে কোলু মুয়ানির গোলের পর ম্যাচের ফলাফল দাঁড়ায় ৫-৪। শেষ পর্যন্ত আর কোনও অঘটন ঘটেনি।