নিজস্ব প্রতিনিধি: চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বির শেষে আগ্রাসী সেলিব্রেশনের জন্য রিয়াল মাদ্রিদের তিন তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে, অ্যান্টনি রুডিগার ও দানি সেবায়োসকে শাস্তি দিল উয়েফা। তিন তারকাকে আর্থিক জরিমানার পাশাপাশি এক ম্যাচের জন্য স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এমবাপ্পেকে ৩০ হাজার ইউরো, রুডিগারকে ৪০ হাজার ইউরো ও সেবায়োসকে ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। তবে শাস্তি থেকে বেঁচে গিয়েছেন রিয়াল তারকা ভিনিসিয়ুস জুনিয়র।
চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে রুডিগারের নেওয়া পেনাল্টিতে রিয়ালের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার পর এমবাপেরা নিজেদের সমর্থকদের দিকে ছুটে যান। সেই সময় আতলেতিকোর সমর্থকরা তাদের উদ্দেশে নানা রকম দ্রব্য ছুড়তে থাকে। তখনই এমবাপেরা রিয়ালের সমর্থকদের পাল্টা আক্রমণের জন্য ইন্ধন জোগান। রিয়াল তারকাদের ওই আচরণ ক্ষুব্ধ করে রেফারিকে। ম্যাচ রিপোর্টে এমবাপেদের আচরণ নিয়ে বিরূপ মন্তব্য করেন। ফলে রিয়ালের চার খেলোয়াড় শাস্তির মুখে পড়তে পারেন বলে জল্পনা চলছিল।
রেফারির ওই রিপোর্টের প্রেক্ষিতে এমবাপে-রুডিগার ও সেবায়োসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে উয়েফার শৃঙ্খলারক্ষা কমিটি। তিন রিয়াল তারকাকে আর্থিক জরিমানা করার পাশাপাশি এক ম্যাচের জন্য স্থগিত নিষেধাজ্ঞাও দিয়েছে। যার অর্থ ভবিষ্যতে একই ধরণের আচরণ করলে এই নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। এর বাইরে এক সমর্থক নাৎসি স্যালুট দেওয়ায় রিয়ালকে সতর্ক করে ১৫ হাজার ইউরো জরিমানা করেছে। একই ধরণের ঘটনা ফের ঘটলে রিয়ালকে উয়েফার প্রতিযোগিতায় টিকিট বিক্রির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে। তবে শাস্তির হাত থেকে বেঁচে গিয়েছেন রিয়ালের আর এক তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র।