নিজস্ব প্রতিনিধি : রিয়াল মাদ্রিদের বিপক্ষে জেতা ম্যাচে বার্সেলোনা তখন ২-০ গোলে এগিয়ে। ৭৭ মিনিটে ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে রাফিনিয়ার কাছ থেকে বল পেয়ে দারুণ এক শটে গোল করেন লামিনে ইয়ামাল। চলতি মৌসুমে লা লিগায় ইয়ামালের এটা পঞ্চম গোল।আর সব মিলিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত খেলা ১৪ ম্যাচে ৬ গোল এবং ৭ করেছেন ইয়ামাল। শনিবার রাতে ম্যাচজুড়ে রিয়ালকে হুমকিতে রাখা ইয়ামালের এটিই আবার প্রথম এল ক্লাসিকো গোল।এই গোলে নতুন এক রেকর্ড গড়লেন ইয়ামাল।
তবে ইয়ামাল শুধু গোল রেকর্ড গড়েই নয়, আলোচনায় এসেছেন উদযাপনের কারণেও। গোলটি করার পর বার্নাব্যুতে রোনাল্ডোর বিখ্যাত ‘কালমা’ উদযাপন(এই উদযাপনের অর্থ হচ্ছে শান্ত থাকো, আমি আছি) ফিরিয়ে এনেছেন ইয়ামাল। প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দৌড় আর ‘কালমা’ উদ্যাপন- ‘সিউ’ সবচেয়ে জনপ্রিয় হলেও ক্রিস্টিয়ানো রোনাল্ডো এমন দৃশ্যও বহুবার দেখিয়েছেন। রিয়াল মাদ্রিদের হয়ে বার্সেলোনার জালে বেশ কয়েক বার বল পাঠিয়ে এমন উদযাপন করেছেন তিনি। যেন তাকেই হুবহু নকল করলেন লামিন ইয়ামাল।
এই উদ্যাপনের ছবি সামাজিক মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ইয়ামাল। ক্যাপশনে লিখেছেন, ‘কালমা, অভিযান সম্পন্ন।’
এর আগে অবশ্য ম্যাচ জয়ের প্রতিক্রিয়া জানতে চাইলে ইয়ামাল জানিয়েছিলেন, ‘আমি বলতে চাই, বার্সা দীর্ঘজীবী হও। চলো এগিয়ে যাই এবং লা লিগা জিতি। আমরা এটার জন্যই ঝাঁপিয়ে পড়ব।’
উল্লেখ্য, রিয়াল মাদ্রিদের বিপক্ষে এটা ছিল লামিন ইয়ামালের প্রথম গোল। এর মাধ্যমে ইতিহাস গড়েছেন তিনি। ইয়ামালই এখন এল ক্লাসিকোয় সর্বকনিষ্ঠ গোলদাতা। শনিনবার রাতে গোল করার সময় ইয়ামালের বয়স ছিল ১৭ বছর ১০৬ দিন। এর আগে এই কীর্তি দখলে ছিল বার্সেলোনারই সাবেক ফরোয়ার্ড আলফোনসো নাভারোর। এল ক্লাসিকোয় নিজের প্রথম গোল করার সময় নাভারোর বয়স ছিল ১৭ বছর ৩৫৬ দিন।