নিজস্ব প্রতিনিধি: কথায় বলে, পচা শামুকে পা কাটে। কলকাতা ফুটবল লিগে অবশেষে ইস্টবেঙ্গলের জয়রথ থামল। মঙ্গলবার কলকাতা কাষ্টমসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে পয়েন্ট নষ্ট করে মাঠ ছেড়েছে বিনু জর্জের শিষ্যরা। চার ম্যাচে তিন জয় ও একটি ড্র করে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয়স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে সায়ন বন্দ্যোপাধ্যায়-পি ভি বিষ্ণুদের। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভবানীপুর।
গত শনিবারই মরসুমের প্রথম ডার্বিতে সবুজ মেরুনকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। ডার্বি জয়ের পরে এদিনই প্রথম খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। প্রথম সারির বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে দল নামিয়েছিলেন লাল-হলুদ কোচ বিনু জর্জ। শুরু থেকেই দাপটের সঙ্গে ফুটবল খেলতে শুরু করেছিলেন হীরা মণ্ডলরা। কিন্তু কাস্টমসের রক্ষণ দুর্গ ভাঙতে সক্ষম হননি। কাস্টমসের গোলের নিচে শুভম সেন দুর্ভেদ্য প্রহরী হয়ে দাঁড়িয়েছিলেন। লাল-হলুদের একের পর এক আক্রমণ ব্যর্থ করে দেন তিনি। একাধিক কর্নার পেলেও তাঁর সদ্ব্যবহার করতে পারেননি লাল-হলুদের খেলোয়াড়রা। শুরুর দিকে আক্রমণ সামলে দিয়ে পাল্টা আক্রমণে উঠে এসেছিল বিশ্বজিৎ ভট্টাচার্যের শিষ্যরা। যদিও কাঙ্খিত গোল আদায় করতে পারেননি। ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের জন্য ঝাঁপায় লাল-হলুদ ব্রিগেড। আক্রমণ ভাগকে শক্তিশালী করতে পি ভি বিষ্ণু ও সায়ন বন্দ্যোপাধ্যায়কে নামান ইস্টবেঙ্গল কোচ বিনু জর্জ। তাতে আক্রমণের ঝাঁজ বাড়লেও বল গোলে রাখতে পারেননি হীরা মণ্ডলেরা। ৬৩ শতাংশ বল দখলে রেখেও জয়ের দেখা পায়নি ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত পয়েন্ট নষ্ট করেই মাঠ ছাড়তে হয় ডার্বি জয়ীদের।