নিজস্ব প্রতিনিধি : কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়ের মুখোমুখি হয়েছিল কলম্বিয়া। ম্যাচ শেষে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়লেন উরুগুয়ের খেলোয়াড়রা। দুই পক্ষের মধ্যে হাতাহাতির সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
জানা গিয়েছে, উরুগুয়ে ও কলম্বিয়ার মধ্যে ম্যাচ শেষের পর গ্যালারিতে উত্তেজিত হয়ে পড়েন কিছু সমর্থক। শুরু হয়ে যায় হাতাহাতি। টিভি ফুটেজে দেখা গিয়েছে, উরুগুয়ের তারকা স্ট্রাইকার দারউইন নুনিয়েজ মারামারিতে বেশ উৎসাহী ছিলেন। গ্যালারিতে ঢুকে কলম্বিয়ার সমর্থকদের তাক করে একের পর এক ঘুষি মারতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু বেশিরভাগই লক্ষ্যভ্রষ্ট হয়েছে। চোটের কারণে সেমিফাইনাল খেলতে না পারা উরুগুয়ের সেন্টার ব্যাক রোনাল্ড আরাউহোও সেই সময় নুনিয়েজের পাশেই ছিলেন। তাঁকেও ঘুষি মারতে দেখা যায়।
জানা গিয়েছে, স্টেডিয়ামের ভিতর যে গ্যালারিতে এই মারমারির ঘটনাটি ঘটেছে, সেখানে উরুগুয়ে দলের খেলোয়াড়দের বেশ কয়েকজন আত্মীয় স্বজনরাও ছিলেন। তাঁরাও বাজে আচরণের শিকার হয়েছেন। এই প্রসঙ্গে উরুগুয়ের ডিফেন্ডার হোসে মারিয়া হিমিনেজ জানিয়েছেন, ‘স্বজনদের নিরাপত্তার কথা ভেবেই তাঁরা গ্যালারির ওই অংশে ঢুকেছিলেন। আমাদের পরিবার বিপদে পড়েছিল। গ্যালারিতে ঢুকে শিশুদের বের করে আনতে হয়েছে। আমি আশা করছি, আয়োজকের পরিবারের লোকেরা এই ব্যাপাকে সতর্ক হবেন।‘