নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ২৩ জুলাই লোকসভায় ২০২৪-২৫ অর্থ বর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তৃতীয়বার মোদি সরকার ক্ষমতায় ফেরার পরে এটাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট।
শনিবার সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছেন, ‘আগামী ২২ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল (বর্ষাকালীন অধিবেশন)। চলবে ১২ অগস্ট পর্যন্ত। সংসদ শুরু হওয়ার দ্বিতীয় দিনেই চলতি অর্থ বর্ষের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।’ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লোকসভা ভোটের কারণে সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ২৩ জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশের সঙ্গে সঙ্গেই নয়া নজির গড়বেন নির্মলা। তিনিই হবেন প্রথম কেন্দ্রীয় অর্থমন্ত্রী যিনি একটানা সাত বছর কেন্দ্রীয় বাজেট পেশ করবেন।
Hon’ble President of India, on the recommendation of Government of India, has approved the proposal for summoning of both the Houses of Parliament for the Budget Session, 2024 from 22nd July, 2024 to 12 August, 2024 (Subject to exigencies of Parliamentary Business). Union Budget,…
— Kiren Rijiju (@KirenRijiju) July 6, 2024
পূর্ণাঙ্গ বাজেটের দিকে নজর রয়েছে আর্থিক বিশেষজ্ঞদের। বিশেষ করে মোদি সরকারের দুই প্রাণভোমরা নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর রাজ্য বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয় কিনা, সে দিকে নজর রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের। সূত্রের খবর, চলতি বছরের শেষের দিকে হরিয়ানা, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের বিধানসভা ভোট রয়েছে। তিন রাজ্যেই সদ্য সমাপ্ত লোকসভা ভোটে প্রত্যাশিত ফল করতে পারেনি এনডিএ। ফলে ওই তিন রাজ্যের বাসিন্দাদের মন জয় করতে বিশেষ প্রকল্প ঘোষণার পাশাপাশি বাড়তি সাহায্য বরাদ্দের কথাও ঘোষণা করা হতে পারে।