নিজস্ব প্রতিনিধিঃ নিজের সন্তানকে জ্বালানি কাঠে চাপা দিয়ে খুন করল মা। এমনই নৃশংস ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার সদা শিবপুরে। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত মা। কী কারণে নিজের সন্তানকে খুন করল মা, তা নিয়ে উঠছে প্রশ্ন।
পুলিশের প্রাথমিক অনুমান , ওই মহিলার স্বামী দীর্ঘদিন যাবৎ বাড়িতে থাকতেন না। এরফলে ওই মহিলা অন্য কোন সম্পর্কে জড়িয়ে পড়েন। আর তাতে সে সন্তান সম্ভবা হয়ে পড়ে। তাই লোকলজ্জা হাত থেকে বাঁচতে নিজের সন্তানকে খুন করে মা। গ্রেফতার হওয়া মহিলা হলেন শিবপুর এলাকার দীর্ঘদিনের বাসিন্দা চমৎকারী ঘোড়ুই। এই ঘটনা নিয়ে মন্দিরবাজার থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার চমৎকারীর বাড়ির সামনে থেকে কান্নার আওয়াজ শোনা যায়। তা নিয়ে হইচই পড়ে যায়। স্থানীয়রা ওই মহিলার বাড়ির পাশে একটি বাগানে এসে জোড়ো হয়। সেই সময় তাদের নজরে আসে একটি শিশু বাগানের মধ্যে জড়ো করে রাখা জ্বালানি কাঠ চাপা দেওয়া অবস্থায় রয়েছে। তৎক্ষণাৎ তারা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তবে ততক্ষণে প্রাণ হারায় সদ্যজাত । এই ঘটনা স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে।