নিজস্ব প্রতিনিধিঃ এবার ট্যাব কেলেঙ্কারির ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগণায়। সেখানে বহু স্কুলের অর্ধেক পড়ুয়ারাই পায়নি ট্যাবের টাকা। তবে কী হ্যাকারদের জন্য এই ঘটনা ঘটল। তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। অন্যদিকে গঙ্গাসাগরের মহেন্দ্রগঞ্জ হাইস্কুলে দেখা গেল এক অন্য চিত্র। ৩১ জন পড়ুয়ার ট্যাবের টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বলা বাহুল্য, রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ নামে একটি প্রকল্প রয়েছে। আর সেই প্রকল্পের মাধ্যমে ট্যাব কেনার জন্য পড়ুয়াদের রাজ্য সরকারের তরফ থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়। তবে কিছু দিন আগে সামনে আসে এই ট্যাব দুর্নীতি ঘটনা। অভিযোগ উঠেছিল বর্ধমানের বিভিন্ন স্কুলের পড়ুয়াদের মধ্যে সিএমএস হাই স্কুলের ২৮ জন পড়ুয়ার টাকা তাদের অ্যাকাউন্টে না ঢুকে অন্যত্র চলে গিয়েছে। আর তারপরেই সামনে আসে পুরো ঘটনা।
বর্তমানে জেলার গণ্ডি পেরিয়ে খাস কলকাতাতেও মিলেছে ট্যাব কেলেঙ্কারির ঘটনার হদিস । এই মর্মে যাদবপুর, সরশুনা, জোড়াসাঁকো, গল্ফগ্রিন- সহ ১১ টা থানায় দায়ের হয়েছে অভিযোগ। যাদবপুরের একটি স্কুলের ১২ জন পড়ুয়া এবং ঠাকুরপুকুরের এক স্কুলের ৩১ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি বলে জানা গিয়েছে। তাতে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।