নিজস্ব প্রতিনিধি, দিঘা : চেনা দিঘাই বদলে গিয়েছে জগন্নাথ দেবের আগমনে। আর শুধু সময়ের অপেক্ষা। বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হবে দিঘার জগন্নাথ মন্দিরের। তার আগে মঙ্গলবারই শুরু মহাযজ্ঞ। সকাল থেকে শুরু করে এই মহাযজ্ঞ চলবে সন্ধ্যে পর্যন্ত। এই যজ্ঞে হাজির থাকবেন মু্খ্যমন্ত্রী স্বয়ং। মন্গির উদ্বোধনের আগে বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে রবিবার থেকেই।
আম, বেলকাঠ দিয়ে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বিশ্ব শান্তি যজ্ঞ। ৩৩ কোটি দেবতাকে আহ্বান জানিয়ে প্রাণ প্রতিষ্ঠা ও দ্বারোদঘাটন হচ্ছে দিঘার জগন্নাথ দেবের মন্দিরের। গোটা কাজটি করা হচ্ছে পুরীর মন্দিরের নিয়ম মেনেই। মন্দির উদ্বোধনের গোটা কাজের দেখাশোনা করছেন পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম প্রধান সেবাইত রাজেশ দ্বৈতাপতি। উপস্থিত আছেন ইসকনের সহ-সভাপতি ও সদ্য নির্মিত জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য রাধারমণ দাস।
জানা গিয়েছে, মঙ্গলবার দু’ কুইন্টাল ঘি এবং ১০০ কুইন্টাল আম ও বেল কাঠ নিয়ে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। এখানেই শেষ নয়, প্রসাদ হিসেবে তৈরি করা হয়েছে বিভিন্ন রকমের মিষ্টি। তার মধ্যে রয়েছে পেঁড়া, গজা, রসগোল্লা। যজ্ঞকুন্ডে কলস স্থাপন করা হয়েছে। মহাযজ্ঞ সম্পন্ন হলে জগন্নাথ দেবের শয়ন হবে পুষ্পের বিছানায়। তারপর বুধবার থেকে উদ্বোধনের বিভিন্ন অনুষ্ঠান শুরু হবে। ৫৬ ভোগ দেওয়া হবে জগন্নাথদেবকে।
গোটা অনুষ্ঠানের জন্য দিঘাকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার মোড়কে। যান চলাচলের ওপরে কড়া নিয়ন্ত্রণ রাখা হয়েছে। ইচ্ছে করলেই কেউ অনুষ্ঠানের জায়গায় ঢুকতে পারবেন না।