নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি : মাতৃদিবসে সামিল জলপাইগুড়ির খুদে পড়ুয়ারা। রবিবার ছুটির দিন। মাতৃদিবস পড়েছে সেই ছুটির দিনেই। কিন্তু তাতে কি। মায়ের জন্য স্কুলে গিয়ে মাতৃদিবস পালন করল ছোটোরা। রবিবারের সকালে জলপাইগুড়ির সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ে পালন হয়েছে বিশ্ব মাতৃ দিবস।
রবিবার বিশ্ব মাতৃদিবস। এদিনে মাকে নিয়ে প্রবন্ধ লেখার আয়োজন করেছিল স্কুল। সেখানেই মাকে নিয়ে লেখা লিখল তৃতীয় ও চতুর্থ শ্রেণির পড়ুয়ারা। মা ও সন্তানের মধ্যে সম্পর্ক জন্মের আগে থেকেই। গর্ভে থাকার সময় থেকে প্রতিনিয়ত গড়ে ওঠে দুজনের মধ্যে সম্পর্ক। ভূমিষ্ট হওয়ার পর সেই সম্পর্ক আরও গভীর আকার ধারন করে। তাই দুজনের সম্পর্ককে আরও গভীর করতে স্কুলের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রবিবার মাকে ঘিরে নিজেদের অনুভূতি প্রবন্ধের মাধ্যমে প্রকাশ করে সন্তানরা। বিষয়টি দেখে অত্যন্ত খুশি মায়েরা। তাঁরা জানিয়েছেন, মায়ের জীবনে সন্তান সব সময় আলাদা জায়গা অর্জন করে। নিজের জীবনের থেকে সন্তানের ভালে থাকা, নিরাপত্তাই সবার আগে মায়ের কাছে গুরুত্ব পায়। কিন্তু একজন মা তার সন্তানের কাছে কতটা গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি সবসময় ছেলে-মেয়েরা মুখে বলে বোঝাতে পারে না। কিন্তু সন্তানের কাছেও মায়ের গুরুত্ব অনেকটাই বেশি।
এখনকারদিনে বৃদ্ধাশ্রমে মা-বাবার সংখ্যা বাড়লেও, বহু সন্তানের কাছে মা-বাবার প্রতি ভালবাসা অন্তরের-আত্মার। ছোটো থেকেই সেই ভালবাসার বীজ বপন হয়। রবিবার খুদেরা মায়ের সম্পর্কে নিজেদের মনের ভাব প্রকাশ করেছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত মায়েদের হাতে গ্রিটিংস কার্ড তুলে দিয়ে মিষ্টিমুখ করিয়ে দিনটি উদযাপন করেছে শিশুরা।