নিজস্ব প্রতিনিধি, গঙ্গারামপুর: নিজের সন্তানকেই বালিশ চাপা দিয়ে হত্যা করে থানায় গ্রেফতার হলেন মা। জানা গিয়েছে,নয় বছরের মূক ও বধির কিশোরী মেয়েকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। মেয়েকে খুন করে স্থানীয় থানায় আত্মসমর্পণ করেছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের পাটুল গ্রামে।
গ্রামবাসীদের অনুমান, বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় এমন ঘটনা ঘটিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় গঙ্গারামপুর থানার পুলিশ। অভিযুক্ত মা রিম্পা বিবিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃত মেয়ের নাম আফরিন পারভিন। বাবা আবদুল আজিজ পেশায় তিনি রাজমিস্ত্রি। বাড়িতে স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে নিয়ে থাকতেন আব্দুল আজিজ। অভিযোগ, রবিবার সকালে প্রতিদিনের মতো রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন আব্দুল আজিজ। দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে বিশেষ চাহিদা সম্পন্ন নয় বছরের ওই মেয়েকে বালিশ চাপা দিয়ে খুন করেন তার মা। গ্রামবাসী ও আত্মীয়দের অভিযোগ, অসুস্থ মেয়ের উপরে বিরক্ত হয়ে খুন করেছে।
এমন ঘটনা জানাজানি হতেই ওই গ্রামে শোরগোল পড়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গঙ্গারামপুর থানার পুলিশ।পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে আফরিন পারভিনের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনা কেন ঘটানো হয়েছে তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতকে। মায়ের হাতে মূক ও বধির মেয়ের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।