নিজস্ব প্রতিনিধি: গরমের ছুটি কাটিয়ে খুলেছে স্কুল। গরম না কমলেও বাধ্য হয়ে স্কুলে যেতে হচ্ছে পড়ুয়াদের। কলকাতা থেকে জেলা সর্বত্র প্রবল গরমে পুড়ছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি আগেই ছুঁয়েছিল। উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও, দক্ষিণবঙ্গে দেখা নেই তার। ফলে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। এই পরিস্থিতিতে বুধবার থেকে পূর্ব মেদিনীপুরে প্রাথমিক স্কুলের সময় পরিবর্তন হতে চলেছে।
জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরে সকালে হবে প্রাইমারি স্কুলের ক্লাস। মঙ্গলবার জেলা প্রাইমারি বিদ্যালয় সংসদের অফিস থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী ২০ জুন পর্যন্ত প্রাইমারি স্কুলগুলির ক্লাস দুপুরের পরিবর্তে হবে সকালে। প্রতিদিন সকাল সাড়ে ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত পড়াশোনা চলবে পূর্ব মেদিনীপুরের প্রাইমারি স্কুলগুলিতে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দুপুর ১১টায় ছুটি হবে। শুধুমাত্র শনিবার বেলা ১১টার বদলে ৯টায় ছুটি হবে স্কুল।
অত্যাধিক গরমের কারণে স্কুলের খুদেদের কথা চিন্তা করে কয়েকটি জেলা প্রাথমিক বিভাগের ক্লাস সকালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাপপ্রবাহের হাত থেকে প্রাইমারির পড়ুয়াদের বাঁচাতে সকালে ক্লাস নেওয়ার কথা ঘোষণা করেছে বাঁকুড়া, পূর্বমেদিনীপুর জেলা প্রাথমিক সংসদ। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর জেলাগুলিতে গরমের দাপটে নাজেহাল সাধারণ মানুষ।
শহর কলকাতায় প্রাথমিক বিভাগের পড়াশোনে সকালে হলেও জেলার বেশিরভাগ স্কুলে প্রাথমিক বিভাগের পঠন পাঠন চলে বেলায়। বর্তমানে যে পরিমাণ গরম পড়েছে, তাতে বেলায় ক্লাস করতে খুদেদের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে পড়ুয়াদের কথা মাথায় রেখে প্রাথমিক স্কুলগুলিকে সকালে নিয়ে আসার নির্দেশ দিয়েছে জেলার প্রাথমিক সংসদ। এই নির্দেশ ৪ জুন থেকে ২০ জুন পর্যন্ত কার্যকর হবে।