নিজস্ব প্রতিনিধিঃ হাতে বাকি মাত্র ৪৮ ঘণ্টা । তারপরেই শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা । তাই মাধ্যমিকের মত টোকাটুকি ঠেকাতে এবার আরও আঁটসাঁট ব্যবস্থা নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও । জোর কদমে পরীক্ষা কেন্দ্রগুলিতে চলছে প্রস্তুতি । আর এই আবহেই তড়িঘড়ি বৈঠক সাড়লেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
বৈঠক থেকেই শিক্ষা সংসদের সভাপতি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন,’ এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে ২০৮৯ ভেন্যুতে। প্রতিটি কেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর । পরীক্ষার্থীদের ভালো ভাবে চেক করে তবেই কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে । পরীক্ষা কেন্দ্রের মধ্যে মোবাইল, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ হেডফোনের মতো কোনও ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ । এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি মেনে চলা হবে ।’ বলা বাহুল্য , এবার উচ্চ মাধ্যমিকের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকবে দু’টি করে ডিটেক্টর। একইসঙ্গে সিসি ক্যামেরাও ।
৩ রা মার্চ থেকে ১৮ ই মার্চ চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা । সকাল ১০ টা থেকে শুরু হবে যা চলবে মূলত ১.১৫ মিনিট পর্যন্ত। সমস্ত পরীক্ষার্থীদের সকাল ৯ টার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে ঢুকে পড়তে হবে । এবার পরীক্ষার্থীদের সামনে খোলা হবে প্রশ্নপত্র । চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন ৫ লক্ষ ৯ হাজার জন । ২০২৪ সালে যা ছিল ৭ লক্ষ। এইবছর পরীক্ষার্থীদের সংখ্যা অনেকটাই কমেছে ।