নিজস্ব প্রতিনিধিঃ পরীক্ষা শুরু হতে বাকি মাত্র কয়েক ঘণ্টা । তারআগেই নিজের ঘরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। এমনই ঘটনা ঘটেছে বাঁকুড়ার জয়পুরের কারকবেড়িয়া গ্রামে। জানা গিয়েছে , মৃত ছাত্রীর নাম বর্ষা দে। ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে ।
স্থানীয় টানাদিঘি হাইস্কুলের ছাত্রী ছিলেন বর্ষা। তার পরীক্ষার সিট পড়েছিল রাজগ্রাম হাইস্কুলে। পরিবার সূত্রে জানা যায়, টেস্টে ভালো ফল করেছিল বর্ষা। কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষা যত এগিয়ে আসছিল, ততই তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে শুরু করে। বাড়ির তরফ থেকে তাকে বারবার বোঝানো হয়েছিল । রবিবার হঠাৎ করেই অসুস্থ বোধ করতে থাকে ছাত্রী। তার কাকা জানান, বর্ষা তাকে বলেছিল, “কাকা, আমাকে যেন কে ডাকছে । ভীষণ উচাটন লাগছে।” বর্ষার মামাও ফোন পেয়ে রবিবার তাঁর বাড়ি গিয়েছিলেন।
সোমবার সকালে ঘুম থেকে উঠে, ব্রাশ করে পড়তেও বসে গিয়েছিল বর্ষা। কিন্তু মা যখন তাকে স্নান করার জন্য ডাকতে যান, তখন দেখেন সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলছে মেয়ে । দ্রুত তাকে উদ্ধার করে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, পরীক্ষা নিয়ে মানসিক চাপের জেরেই বর্ষা এমনটা করেছে। তবে এখন এই নিয়ে কোন সুইসাইট নোট উদ্ধার হয়নি । শুরু হয়েছে তদন্ত ।