নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ড নিয়ে যখন উত্তাল গোটা রাজ্য । আর তখনই আলুর সংকটের মুখে পড়তে চলেছে আমজনতা। কারণ শনিবার রাত থেকেই কর্মবিরতিতে নামছেন আলু ব্যবসায়ীরা। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি । ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে আলু ব্যবসায়ীদের। সেইজন্য এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
এই কর্মবিরতির জেরে বেশ কয়েকদিন রাজ্য জুড়ে আলু সংকট দেখা যাবে । তবে এই ঘটনা প্রথম নয়। এরআগে এমন ঘটনা ঘটেছে। সম্প্রতি ২০ জুলাই রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। আর তখন দাবি করা হয়েছিল, অন্য রাজ্যে আলু রফতানির ক্ষেত্রে পুলিশের বাধার মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। সেইজন্য টানা পাঁচ দিন আলু ব্যবসায়ীরা কর্মবিরতির ডাক দিয়েছিল। তবে শেষ মুহূর্তে রাজ্য প্রশাসনের হস্তক্ষেপে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্তও নেন আলু ব্যবসায়ীরা।
শুক্রবার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিটির তরফে জানান হয়েছে, ব্যবসায়ীদের তরফে কোয়ালিটি অনুযায়ী কেজি প্রতি ২৩ টাকা থেকে ২৫ টাকা দামে নভেম্বর মাস পর্যন্ত কোল্ড স্টোরেজ থেকে আলু সরবরাহের লিখিত ভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়। তবে প্রশাসনের তরফ থেকে ভিন রাজ্যে আলু পাঠানোর জন্য কোন নির্দেশিকা জারি হয়নি । তাই আলু ব্যবসায়ীদের বিপাকে পড়তে হচ্ছে। সেইজন্য এদিন রাত থেকে কর্মবিরতির ডাক দিল আলু ব্যবসায়ীরা।