নিজস্ব প্রতিনিধি, সিঙ্গুর : হুগলির সিঙ্গুরে নার্সের রহস্যমৃত্যু। তিনদিন ধরে সিঙ্গুরের নার্সিংহোমে কাজ করছিলেন তিনি। আমচকাই ঘর থেকে উদ্ধার হল নার্সের ঝুলন্ত দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বাসিন্দা ওই নার্স তিনদিন ধরে কাজে যোগ দিয়েছিলেন। সিঙ্গুরের শিবম সেবা সদন নার্সিংহোমে নার্সের কাজ করত সে। বৃহস্পতিবার সকালে ওই নার্সকে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর সহকর্মী। তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করেন ওই সহকর্মী। তাঁর চিৎকার শুনে ছুটে আসে বাকি সহকর্মী থেকে হোস্টেলকর্মীরাও। দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছে। এরপরেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মেয়ের অসুস্থতার খবর বলে নার্সিংহোমে আসতে বলা হয়েছিল পরিবারের সদস্যদের। হাসপাতালে গেলে মেয়ের মৃত্যু সংবাদ দেওয়া হয় বলে দাবি বাবা ও মায়ের। তাঁদের অভিযোগ, মেয়েকে খুন করা হয়েছে। তাঁদের মেয়ে আত্মহত্যা করতে পারে না। এই ঘটনায় শিবম সেবা সদন নার্সিংহোমের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। তাঁদের অভিযোগ, মাত্র তিনদিন ধরে কাজ করচে সে। ৪ দিনের দিনেই এমন ঘটনা ঘটেছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত নার্সের সহকর্মী থেকে শুরু করে নার্সিংহোম কর্তৃপক্ষ ও পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁকে শেষ কখন দেখা গিয়েছে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।