নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদে গিয়ে জনসংযোগ শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ডুমুরজোলা থেকে মু্র্শিদাবাদ গিয়েছেন তিনি। মুর্শিদাবাদে গিয়েই সমস্ত বিধায়ক ও সাংসদদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই জনসংযোগের কাজেও নেমেছেন। সোমবার মৃৎশিল্পীদের বাড়িতে গিয়ে তাঁদের অভাব অভিযোগের কথা শুনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মৃৎশিল্পীদের বাড়িতে গিয়ে তাঁদের হাতের তৈরি মূর্তিও দেখেন। তাদের সঙ্গে কথাও বলেন।তাঁদের শিল্পকলা খুটিয়ে খুটিয়ে দেখেন। মূর্তি কোন জায়গায় কী রং দিলে আলো ভালো হতো, সেই নিয়েও কথা বলেছেন মুখ্যমন্ত্রী। শিবপুজো দেওয়ার কথা ছিল তাঁর। তাই ওই মূর্তিতেই মালা দিয়েছেন তিনি। মৃৎশিল্পীদের বাড়িতে বসেই তাঁদের সমস্যার কথাও শুনেছেন তিনি।
মুর্শিদাবাদ পৌঁছে সার্কিট হাউস থেকে ১ কিমি দূরে মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক দফতরে মুর্শিদাবাদ জেলা রেগুলেটেড মার্কেট কমিটির কনফারেন্স হলে মুর্শিদাবাদের সমস্ত বিধায়ক ও সাংসদদের নিয়ে বৈঠক সেরেছেন তিনি। বৈঠক থেকে বেড়িয়ে তিনি বলেছেন, মুর্শিদাবাদে যারা অশান্তি ছড়িয়েছে, তারা মুর্শিদাবাদের শত্রু। বাইরের লোক এসে এখানে অশান্তির সৃষ্টি করেছে। ধর্মের নামে ভেদাভেদ করার চেষ্টা হয়েছে মুর্শিদাবাদে।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে গিয়ে বিধায়ক ও সাংসদদের সঙ্গে বৈঠক করবেন এমন কোনও কর্মসূচি ছিল না। কিন্তু মুর্শিদাবাদে পৌঁছেই সেই বৈঠক করেছেন। বিধায়ক ও সাংসদের বার্তাও দিয়েছেন তিনি।
মু্র্শিদাবাদ থেকে ধুলিয়ান যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখানে আক্রান্তদের পরিবারের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে। যাদের বাড়ি-দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সব কিছু করে দেওয়া হবে। কিন্তু কেউ ক্ষতিপূরণ নিতে না চাইলে কিছু করার নেই বলেও জানিয়েছেন তিনি।