নিজস্ব প্রতিনিধিঃ নয় মাস আগে হয়েছিল বিয়ে । কিন্তু কিছুতেই স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না । এই পরিস্থিতিতে স্ত্রীকে ভিডিও কল করে আত্মহত্যা করলেন যুবক । এই ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে । ইতিমধ্যেই আত্মহত্যার ঘটনায় জোর চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদার সাহাপুর দুই নম্বর বিমল দাস কলোনী এলাকায়।
জানা গেছে, মৃত যুবকের নাম সুরজিৎ হালদার, বয়স ২৪ বছর। পেশায় ছিলেন দরজি। তার স্ত্রীর নাম জয়তিকা মন্ডল। বাপের বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকায়। তাদের বিয়ে হয়েছিল গত নয় মাস আগে। কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে কোন বিষয় নিয়ে মনোমালিন্যের কারণে বিয়ের মাস তিনেকের মধ্যেই জয়তিকা তার স্বামীকে ছেড়ে নিজের বাপের বাড়ি চলে যায়। তবে একসঙ্গে না থাকলেও প্রতিদিন তাদের ফোনে কথা হত ।
মঙ্গলবার রাতে সুরজিৎ তার বাড়িতে নিজের ঘরে বসে তার স্ত্রীকে ভিডিও কল করে। আর এই সময় স্ত্রীর সামনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন সুরজিৎ । গভীর রাতে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা সুরজিৎকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। স্বাভাবিকভাবে এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া । ইতিমধ্যেই স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে নিহত যুবকের পরিবার। পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত ।