নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিন ছেলে এবং বৌমার অত্যাচার । আর তা সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন ৮৫ বছরের বৃদ্ধ। বুধবার সকালে উদ্ধার হয়েছে তাঁর নিথর দেহ। এমনই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার সোদপুর এলএমবি রোড এলাকায়। ইতিমধ্যেই ওই বৃদ্ধর ছেলেকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ ।
পুলিশ সূত্রে খবর, নিহত ওই বৃদ্ধ হলেন ৮৫ বছরের বীরেন দেব । এদিন সকালে তাঁর ঘর থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে খড়দহ থানার পুলিশ। সঙ্গে সঙ্গে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । তবে বৃদ্ধর ঘর থেকে উদ্ধার হয়নি কোন সুইসাইট নোট ।
স্থানীয়রা অভিযোগ করেছে, ছেলে এবং বৌমার অত্যাচারের জেরে আত্মহত্যা করেছে বৃদ্ধ। নিজের তৈরি বাড়িতেই থাকার মতো জায়গা দেওয়া হচ্ছিল না বৃদ্ধকে। নিত্যদিন তাঁকে শারীরিক অত্যাচার করা হত । তাতেই আত্মহত্যা করেন বৃদ্ধ। তবে এই নিয়ে পুলিশের তরফ থেকে কিছু জানান হয়নি। ইতিমধ্যেই বৃদ্ধ আত্মহত্যার খবর সামনে আসতেই ছেলে-বৌমাকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকায়। আর তাতেই বৃদ্ধর ছেলেকে আটক করেছে পুলিশ । এই পুরো ঘটনাটি নিয়ে তদন্তে নেমেছে খড়দহ থানার পুলিশ ।