নিজস্ব প্রতিনিধিঃ শীতের বিদায়বেলায় আবহাওয়ার বদল। ফের বঙ্গ জুড়ে ভারী বৃষ্টি। কলকাতা -সহ একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা । সেইসঙ্গে আবারও বাড়বে তাপমাত্রার পারদ। একথায় বলা যায়, বাংলায় আর জাঁকিয়ে ঠাণ্ডা পড়ার সম্ভাবনা খুবই কম। এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে অবস্থিত বিপরীত ঘূর্ণাবর্তের জেরেই বাংলা জুড়ে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী ১৯ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুরু হতে পারে বৃষ্টিপাত। তা চলবে ২০ তারিখ (বৃহস্পতিবার) পর্যন্ত। সেইসঙ্গে রবিবার থেকে তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে । প্রায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত পারদ চড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ।
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আগামী সপ্তাহে ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে চলেছে তাপমাত্রার পারদ। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি কম। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৭ ডিগ্রি কম। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই ।