নিজস্ব প্রতিনিধি : নিম্নচাপ সরলেও শনিবার শহরজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঝাড়খন্ড ওড়িশার দিকে নিম্নচাপ চলে যাওয়ার পরে বাংলায় সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। তার কারণেই বাংলাতে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত চলবে বৃষ্টি। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে শহরে প্রবল বৃষ্টি। যার জেরে শুক্রবার জলমগ্ন হয়ে পড়েছিল কলকাতার বিস্তীর্ণ এলাকা। কলকাতার বেশিরভাগ জায়গায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। এরফলে নাজেহাল হতে হয়েছে অফিস যাত্রীদের। শুক্রবার তাপমাত্রা কিছুটা কমেছিল। শনিবার সকালেও তার প্রভাব রয়েছে। তবে শনিবার সকাল থেকে কলকাতা সহ সংলগ্ন এলাকায় রোদের দেখা মিলেছে। কিন্তু এই দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হলেও জলীয়বাষ্পের পরিমাণ বজায় থাকায় অস্বস্তিজনক গরম অনুভূত হচ্ছে। জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে।
শনিবার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনা পুরুলিয়া বাঁকুড়ায়। এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পক্ষ থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ও রয়েছে হলুদ সতর্কতা। আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কমবে তবে বিক্ষিপ্তভাবে দু এক জেলায় ভারী বৃষ্টি চলবে।
উত্তরবঙ্গের উপরের ৫ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির কয়েকটি জায়গায় পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৫ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের নিচেই ছিল।