নিজস্ব প্রতিনিধি: আবহাওয়া অফিসের পূর্বাভাস মেনে ক্রমেই গরমের তেজ বাড়ছে। বুধবার থেকে দিন তিনেকের জন্য দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার কোন কোনও জায়গায় তাপপ্রবাহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রবল তাপ বৃদ্ধির জন্য অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে এই ক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তির খবর শুনেছে হাওয়া অফিস। জানানো হয়েছে সপ্তাহের শেষে অল্প বৃষ্টি হলেও হতে পারে। যার ফলে কিছুটা মিলতে পারে স্বস্তি।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সমতলের তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে বেশ কিছুটা বেশি থাকবে বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বজায় ছিল অস্বস্তিকর গরম। কলকাতা তাপমাত্রা খুব বেশি না বাড়লেও, ভ্যাপসা গরমে বজায় ছিল হাঁসফাঁস পরিস্থিতি।
শহরে মঙ্গলবার থেকে বাতাসে আর্দ্রতা কমবে এবং বাড়বে তাপমাত্রা। ফলে শুষ্ক গরমের অনুভূতি আসবে। এটা কয়েকদিন চলবে বলে জানানো হয়েছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা এই দফায় ৩৭ ডিগ্রি অতিক্রম করতে পারে।
বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তাপ প্রবাহের পরিস্থিতি ৫ জেলাতে। ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। শনিবারেও চরম গরম থাকবে।
দক্ষিণবঙ্গের জেলাগুলাতে প্রবল গরমের সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে বলে জানা গিয়েছে। বুধবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে।