নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতায় ফের ধর্ষণের অভিযোগ। এবার মডেলিংয়ে সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম প্রতীক ওরফে সায়ন। ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে সায়ন ছাড়াও আর কেউ জড়িত ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ।
সায়নের নামে ধর্ষণের অভিযোগ তুলে যাদবপুর থানায় দুই মহিলা অভিযোগ দায়ের করে । অভিযোগে তাঁরা জানিয়েছেন, মডেলিংয়ে সুযোগ পাইয়ে দেওয়ার কথা জানিয়েছিল অভিযুক্ত। আর সেই প্রলোভন দেখিয়ে ২০২৪ সাল থেকে ধর্ষণ করা শুরু করে । আর এই অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে যাদবপুর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত ।
উল্লেখ্য, শুক্রবার এক মহিলার দেহ উদ্ধার হয় নিউটাউন এলাকা থেকে । অভিযোগ ওঠে ধর্ষণ করে খুন করা হয়েছে । এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত । শুধু তাই নয় কিছুদিন আগেই গড়ফায় ফ্ল্যাটে ডেকে মদ্যপান করিয়ে ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। সেন্ট জেভিয়ার্স কলেজের ওই পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পর এবার কলকাতা থেকে মডেলিংয়ের প্রলোভন দেখিয়ে দুই মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ।