নিজস্ব প্রতিনিধি : তীব্র গরম ও তাপপ্রবাহের বিষয়ে নজর রেখে এপ্রিল মাস থেকেই গরমের ছুটির সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ৩০ এপ্রিল থেকেই শুরু হবে ছুটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩০ এপ্রিল থেকে চালু হওয়া ছুটি, পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত জারি থাকবে। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে এই বিষয়ে নির্দেশিকা দিয়েছে শিক্ষা দফতর।
এপ্রিল মাসের শুরু থেকেই প্রবল গরমে নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বঙ্গজুড়ে। মাঝে মধ্যে অল্প বিস্তর বৃষ্টির দেখা মিললেও, তাপমাত্রার বড় পরিবর্তন দেখা যাচ্ছে না। তাই পড়ুয়াদের কথা চিন্তা করেই ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে স্কুল শিক্ষা দফতর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলায় গরমের ছুটির এই নির্দেশ কার্যকর হবে না।
গরমের ছুটির কারণে স্কুল বন্ধ থাকলে সিলেবাস শেষ করতে সমস্যা হলে তারও সমাধান দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলে হয়েছে, স্কুল খোলার পরে অতিরিক্ত ক্লাস করিয়ে সিলেবাস শেষ করানোর ব্যবস্থা করতে হবে।
সূত্রের খবর, চলতি বছর চৈত্রের মাঝামাঝি সময় থেকে পড়েছে গরম। প্রবল গরমে নাজেহাল সাধারণ মানুষ। স্কুল পড়ুয়াদেরও অবস্থা অত্যন্ত সঙ্গীন গরমের মধ্যে স্কুলে যাওয়া, সারাদিন স্কুল করে বাড়ি ফিরে ক্লান্ত তারা। তাই এই পরিস্থিতি থেকে তাদের মুক্তি দিতেই স্কুলের গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বছর গরমের ছুটি পড়েছিল ২১ এপ্রিল। সেবারও প্রবল গরমের জন্য ছুটি এগিয়ে আনা হয়েছিল। ছুটি শেষ হয়েছিল ২ জুন। প্রায় দেড় মাস গরমের ছুটি পেয়েছিল পড়ুয়ারা।