নিজস্ব প্রতিনিধি : রাতভর এসএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবার বেলা গড়াতেও তার বিরাম নেই। বেলা যত গড়িয়েছে, আন্দোলনে ঝাঁঝও বেড়েছে। এরপরেই বিকাশ ভবনে সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, সরকার চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের পাশে রয়েছেন।
তিনি জানিয়েছেন, সরকার রিভিউ পিটিশন করেছে। এই পরিস্থিতিতে এমন কিছু করা উচিৎ নয়, যাতে এই রিভিউ পিটিশন দুর্বল হয়। আদালত অবমাননা না হয়, তার দিকে নজর দিতে হবে। সুপ্রিম কোর্টের রায় অনুসারে ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যোগ দিতে অনুরোধ করছেন যোগ্য শিক্ষকদের। বেতনের বিষয়ে দফতর কাজ করছে। চাকরিহারাদের জন্যই এসএএসসি লড়াই করছে।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, অযোগ্য তালিকার বাইরে ১৭ হাজার ২০৬ জন রয়েছেন। সবকিছু ভাগ রয়েছে। সেই অনুসারে কাজ চলছে। কিন্তু এমন কোনও কাজ না করা হোক যাতে রিভিউ পিটিশন বিপক্ষে যায়। আদালতের কথা মাথায় রাখতে হবে। আইনি পরামর্শ পাওয়া যায়নি বলেই তালিকা প্রকাশ করা হয়নি। কাউকে চাকরি থেকে বরখাস্ত করা হয়নি। কারও বেতন বন্ধেরও নির্দেশ দেওয়া হয়নি।
সোমবার এসএসসি ভবন সূত্রে আন্দোলনকারীদের কাছে খবর এসেছিল, থার্ড কাউন্সিলিং পর্যন্ত বৈধ। বাকিরা অবৈধ। এরপরেই অশান্তি ছড়িয়ে পড়ে। এই নিয়ে ধোঁয়াশা ওড়ালেন শিক্ষামন্ত্রী। তিনি জানান,তালিকা সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে। সেটি পাবলিক ডোমেন-এই রয়েছে। তিনি আরও বলেছেন, থার্ড কাউন্সিল পর্যন্ত বৈধ, এই কথা তিনি বা এসএসসি চেয়ারম্যানও বলেননি। সুপ্রিম কোর্টের নির্দেশেও এমন কোনও উল্লেখ নেই। আন্দোলনকারীদের শান্ত থাকার কথা বলেছেন শিক্ষামন্ত্রী।