নিজস্ব প্রতিনিধি : এসএসসি ভবনের সামনে চাকরি হারাদের মধ্যে বিভাজন। দুদিকে ভাগ হয়ে দু’তরফে চলে মাইকিং। এই মাইক বাজানো ঘিরে এসএসসি চত্বরে চড়ল পারদ। নিজেদের মধ্যেই কথাকাটি শুরু হয় প্রথমে, তারপর হাতাহাতিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার বিকেলে একদিকে ‘ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরাম’, অন্যদিকে ‘জাস্টিস ফর আনটেন্টেড টিচার্স অ্যান্ড নন-টিচিং স্টাফ’দের মধ্যে মাইক বাজানো নিয়ে শুরু হয় বচসা। যা ধীরে ধীরে হাতাহাতির পর্যায়ে পৌঁছে গিয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ময়ূখ ভবন থেকে চাকরিহারাদের একটি দল ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরামের নামে এসএসসি-র কার্যালয় আচার্য সদনের সামনে আসেন মিছিল করেন। একদিকে ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরামের সদস্যরা বিক্ষোভ করছেন। অন্যদিকে সোমবার থেকে চলা প্রতিবাদ। স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। চাকরিহারাদের একাংশের মতে, তাঁদের মাইক বন্ধ করতে বলা হয়েছে। জোর করে মাইক বন্ধ করতে চাইছে। বিষয়টি থানায় জানিয়েছেন। যাঁরা মার্কড টেন্টেড। শুনলে রেগে যাচ্ছেন। এই নিয়েই বৃহস্পতিবার ছড়ায় অশান্তি।
উল্লেখ্য, সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের বলা হয়েছিল তাঁরা বেতন পাবেন। সেই মতো একটি তালিকা স্কুলে স্কুলে চলে গিয়েছে। সেই তালিকায় রয়েছেন ১৫ হাজার ৪০৩জন। সেই তালিকা স্কুলে যেতেই কিছুটা পরিস্থিতির বদল হয়েছিল। এদিন সকালেও এসএসসি ভবন চত্বরে কোনও রকম অশান্তি ছড়ায়নি।
একপক্ষের অভিযোগ, কোর্ট টেন্টেট, নন-টেন্টেট বিভাজন করতে না পেরে পুরো প্যানেল বাতিল করেছে। সেখানে কিছু লোক তাঁদের টেন্টেট বলে দাগিয়ে দিতে চাইছে। তাঁদের দাবি, এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান। কারও মুখে প্রশ্ন, কীসের ভিত্তিতে তাঁদের বাদ দেওয়া হচ্ছে। ফলে নিজেদের মধ্যেই অশান্তির জেরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে এসএসসি ভবন চত্বর।