নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার চাকরিহারাদের দাবি ছিল নতুন করে চাকরির পরীক্ষায় বসবেন না তাঁরা। প্রথমত, এবার নতুন পরীক্ষার্থীরাও পরীক্ষায় বসবেন। কারণ গত ১০ বছর ধরে কোনও এসএসসি হয়নি। তাই প্রতিযোগিতা মারাত্মক। গত ১০ বছর আগে তাঁরা বিএড, মাস্টার ডিগ্রী করেছিলেন। বর্তমানে এই মানসিক পরিস্থিতিতে পড়াশোনা করে আবার চাকরির পরীক্ষায় বসা সম্ভব নয়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়ায় চাকরিহারারা সিদ্ধান্ত নেন অধিকার মঞ্চ ডাকা হবে। শুক্রবার শান্তিপূর্ণভাবে শিয়ালদহ থেকে নবান্নের দিকে যাওয়ার কথা ছিল তাঁদের। অর্ধনগ্ন মিছিলের ডাক দিয়েছিলেন চাকরিহারারা।
কিন্তু হকের চাকরি চাইতে গিয়ে চাকরতিহারাদের ঠাঁই হল প্রিজন ভ্যানে। শিয়ালদহ ও ধর্মতলা চত্বর শুক্রবার সকাল থেকেই ছয়লাপ হয়ে গিয়েছে পুলিশে পুলিশে। মাইকিং করে চাকরিহারাদের সতর্ক করা হচ্ছে। বলা হচ্ছে, “জমায়েতের অনুমতি নেই, ফিরে যান। জমায়েত করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” শিয়ালদহ স্টেশনের মূলদ্বার থেকে শুরু করে এনআরএস হাসপাতাল ও বিআরসিং হাসপাতালের দিকে বড় রাস্তা পর্যন্ত পুলিশ নজরদারি চালাচ্ছে। কার্যত পুলিশের দখলে চলে গিয়েছে শিয়ালদহ স্টেশন। আইডি কার্ড, মোবাইল ফোন দেখে শনাক্ত করা হচ্ছে চাকরিহারা প্রতিবাদীদের।
শিয়ালদহ মেট্রো স্টেশনের ভেতরে ঢুকে তল্লাশি চালাচ্ছে পুলিশ। লোকাল ট্রেন ধরে ধরে চলছে তল্লাশি। ভিড়ের মধ্যে থেকে আন্দোলনকারী খুঁজে খুঁজে পাকড়াও করা হচ্ছে। আন্দোলনকারী ভেবে আটক হয়ে যাচ্ছেন নিত্যযাত্রীরাও। শিয়ালদহ থেকে ধর্মতলা, চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের শান্তিপূর্ণ কর্মসূচি যেখানে যেখানে হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে হানা দিচ্ছে পুলিশ। সব মিলিয়ে এই মিছিল রুখতে মরিয়া পুলিশ। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বাদানুবাদ অব্যাহত। চাকরিহারাদের বক্তব্য ন্যায্য দাবির কন্ঠরোধ করছে সরকার।