নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করে যাওয়ার পর সোমবার থেকে মেট্রোর ইয়েলো ও অরেঞ্জ লাইন চালু হল যাত্রী পরিষেবা। এদিন সকালে প্রথম হলুদ কমলা লাইনে ছুটলো মেট্রো। ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত চলেছে মেট্রো। ২২ আগস্ট উদ্বোধন হলেও, সোমবার থেকে এই দুই লাইনে চালু হল মেট্রো পরিষেবা।
ইয়েলো লাইনে প্রথম চলল মেট্রো। যাত্রীরা এই মেট্রো পেয়ে অত্যন্ত খুশি। তাঁদের মতে, অফিস টাইমে খুব কম সময়ে পৌঁছে যাওয়া যাচ্ছে গন্তব্যে। নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারছেন অফিসযাত্রীরা। পাশাপাশি অরেঞ্জ লাইনে রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত সম্প্রসারিত হয়েছে মেট্রো। এর আগে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত চলত মেট্রো। সেই রাস্তাই সম্প্রসারিত হয়েছে। বেলেঘাটা পর্যন্ত পৌঁছে যাওয়ায় খুব সহজ। তাড়াতাড়ি অফিস যাত্রীরা পৌঁছে যাচ্ছেন।
জানা গিয়েছে, এদিন ইয়েলে লাইনে মেট্রো চলেছে ৭.৫৮ মিনিটে। সকালেই বেশ কিছু যাত্রী পৌঁছে গিয়েছিলেন মেট্রো স্টেশনে। তাঁরাল জানাচ্ছেন ঘুরপথে আসতে গেলে অনেকটা সময় ও অনেক টাকা বেরিয়ে যেত সেখানে এই মেট্রোতে খুব কম সময়ের মধ্যেই পৌঁছে যাওয়া যাচ্ছে। ভিড়ের চাপও তেমন নেই। ফলে খুশি যাত্রীরা। এদিন শেষ মেট্রো রাত ৮টা। শুক্রবার তিন লাইনের উদ্বোধন হওয়ার পরে গোটা কলকাতার পরিবহনের মানচিত্র অনেকটাই বদলে গিয়েছে। হাওড়া ময়দান থেকে যে কেউ মেট্রো রুটেই সহজে পৌঁছে যেতে পারবেন বিমানবন্দর সল্টলেক সেক্টর ফাইভ থেকে শুরু করে কবি সুভাষ বা বেলেঘাটায়। তার জন্য যানজটে পড়তে হবে না।