নিজস্ব প্রতিনিধি: বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন। পাখির চোখ মহিলা ভোট। যা নিশ্চিত করতে চায় সবদল। তৃণমূল সরকারের ‘লক্ষ্মীর ভান্ডার’ চলছে রমরম করে। তার মাঝে নারী ক্ষমতায়নে পশ্চিমবঙ্গের এগিয়ে থাকার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (১০ মার্চ) সমাজ মাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে মোদি সরকারের রিপোর্ট উল্লেখ করে লিখেছেন, “জাতীয় সমীক্ষার বার্ষিক রিপোর্ট অনুযায়ী, অসংগঠিত ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে পশ্চিমবঙ্গ শীর্ষ স্থান দখল করেছে। শুধু তাই নয়, এক্ষেত্রে আমাদের রাজ্যের মহিলাদের অবদানও অসামান্য।”
Happy to share that the recently published findings of the “Annual Survey of Unincorporated Sector Enterprises” conducted by the National Statistics Office, Government of India, once again establish Bengal’s top position in (MSME) manufacturing industries and, simultaneously, our…
— Mamata Banerjee (@MamataOfficial) March 10, 2025
ক্ষুদ্র ও মাঝারি শিল্পে রাজ্যের মহিলাদের সাফল্যের পরিসংখ্যান গত বছরও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ২০২৪ সালের ১ অক্টোবর তিনি দাবি করেছিলেন, মহিলা পরিচালিত ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের সংখ্যার নিরিখে দেশের মধ্যে প্রথম স্থানে এই রাজ্য। উল্লেখ্য, মহিলাদের স্বনির্ভর করতে রাজ্য সরকার একাধিক প্রকল্প চালু করেছে। শহর ও গ্রামের মহিলারা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আওতাধীন একাধিক প্রকল্পে কাজ করে স্বাবলম্বী হয়েছেন। সেই সাফল্য ধরা পড়েছে কেন্দ্রীয় রিপোর্টে। ‘ন্যাশনাল স্ট্যাটিসটিক্স’-এর রিপোর্টে বলা হয়েছে, অসংগঠিত ক্ষেত্রে (আন ইন কর্পোরেটেড সেক্টর এন্টারপ্রাইজ) গোটা দেশের মধ্যে শীর্ষে পশ্চিমবঙ্গ (১২.৭৩ শতাংশ)। মহিলা নেতৃত্বাধীন প্রতিষ্ঠানের সংখ্যার নিরিখে শীর্ষে এ রাজ্য (৩৬.৪ শতাংশ)।
মহিলা ভোটারদের প্রতি বার্তার পাশাপাশি সামগ্রিক কর্মসংস্থানেও রাজ্যের সাফল্যের কথা উল্লেখ করেছেন মমতা। এ দিনের পোস্টে তিনি উল্লেখ করেছেন, উৎপাদনশিল্পে জড়িত কর্মীদের সংখ্যার নিরিখে দেশের শীর্ষে পশ্চিমবঙ্গ (১৩.৮১ শতাংশ)। উৎপাদন শিল্পের সংখ্যা নিরিখেও এগিয়ে এ রাজ্য (১৬.০২ শতাংশ)।
বাম হোক বা বিজেপি, উভয়েই নীতিগতভাবে জোর দেয় নারীরা ক্ষমতায়নে। এই মুহূর্তে দেশের একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ, যেখানে প্রশাসনের সর্বোচ্চ পদে রয়েছেন একজন নারী। কেন্দ্রশাসিত দিল্লীর মুখ্যমন্ত্রী পদে এক মহিলাকে বসিয়ে চমক দিয়েছে বিজেপি। আন্তর্জাতিক নারী দিবসের দু’দিন পরে রাজ্যের ‘নারী-দি-বস’-দের কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।