নিজস্ব প্রতিনিধি: আরজি কর চত্বরে বড় ধরনের জমায়েতের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়াল কলকাতা পুলিশ। আজ শুক্রবার কলকাতা পুলিশের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী রবিবার (১ সেপ্টেম্বর) থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আরজি কর চত্বর সংলগ্ন এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (পুরনো ১৪৪ ধারা) জারি থাকছে। নির্দেশিকা অমান্য করলে নেওয়া হবে কড়া পদক্ষেপ।
আরজি কর কাণ্ড নিয়ে প্রতিদিনই চলছে ঘটা করে আন্দোলন। প্রচারমাধ্যমে ছবি তোলার নেশায় হাতেগোনা কয়েকজন প্রতিদিনই ‘উই ওয়ান্টস জাস্টিস’ শ্লোগান নিয়ে পথে নেমে সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে চলেছেন। বিপাকে পড়েছেন আরজি কর হাসপাতালে আসা রোগী এবং রোগীর পরিবারের সদস্যরা। আন্দোলনের আড়ালে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র ব্যর্থ করতে গত ১৮ অগস্ট প্রথমবার সাতদিনের জন্য আরজি কর সংলগ্ন শ্যামবাজার ও বেলগাছিয়া চত্বরে ১৬৩ ধারা (১৪৪ ধারা) জারি করেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। পরে গত ২৫ অগস্ট ফের সাতদিনের জন্য নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। আগামিকাল শনিবারই ১৬৩ ধারার মেয়াদ শেষ হচ্ছে।
তার আগেই এদিন ১৫ দিনের জন্য নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, উল্টোডাঙা ও টালা পুলিশ স্টেশনের অধীনে বেলগাছিয়া রোড, জে কে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে জারি থাকবে ১৬৩ ধারা। বেলগাছিয়া রোডের উত্তর ও দক্ষিণ অংশেও পাঁচজনের বেশি মানুষ জমায়েত করতে পারবেন না। ফলে হাসপাতাল চত্বরে আন্দোলনে অনেকটাই রাশ টানা যাবে বলে মনে করছে পুলিশ।