নিজস্ব প্রতিনিধি: খোদ কলকাতায় শুক্রবার ভর সন্ধেয় তৃণমূলের দাপুটে কাউন্সিলার সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনা ঘটে। আর ওই ভয়াবহ ঘটনার মূল পাণ্ডা ইকবালকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা৷ শনিবার পূ্র্ব বর্ধমানের গলসি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধৃত ইকবালের আসল নাম আফরোজ খান। তার অন্য নাম গুলজার। এদিন দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর গলসি থানার নাকা তল্লাশি চলাকালীন ধরা পড়ে যায় ইকবাল৷ এই নিয়ে কসবা কাণ্ডে মোট তিনজনকে গ্রেফতার করল পুলিশ৷ তাদের মধ্যে একজন রয়েছেন যুবরাজ সিং । তাঁকে জিজ্ঞাসা করে পুলিশ ইকবাল সম্পর্কে জানতে পারে। জেরায় যুবরাজ পুলিশকে জানিয়েছিল, তাকে শুধু সুশান্ত ঘোষকে ভয় দেখাতে বলা হয়েছিল। এরপরেই চলে তৃণমূল কাউন্সিলরের উপরে হামলার ছক। যুবরাজ ছাড়াও এক ট্যাক্সি চালককে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য, শুক্রবার ভর সন্ধেয় দক্ষিণ কলকাতার জনবহুল এলাকা অ্য়াক্রোপলিস মলের কাছে কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। কিন্তু বারবার চালানোর চেষ্টা করলেও বেরোয়নি গুলি। তাতেই প্রাণে বাঁচেন সুশান্ত। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই পুরো ঘটনার ভিডিও। ইতিমধ্যেই এই হামলার সঙ্গে কারা যুক্ত রয়েছে তাদেরকে খুঁজতে পুলিশ তল্লাশি শুরু করেছে। তবে কী কারণে কসবার তৃণমূল কাউন্সিলরের ওপর খুনের হুমকি চালাল দুষ্কৃতীরা তা এখন জানা যায়নি।